ফেনীতে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ও ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুকের ওপর হামলার ঘটনায় কালীদহ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নুরুল আফছার সোহাগকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
রোববার (৯ মার্চ) তিনি উপস্থিত হয়ে ফেনী সদর আদালতের বিচারকের কাছে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সোহাগ ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের যাত্রাসিদ্দি পূর্ব গোবিন্দপুর বলিবাড়ির বজলের রহমানের ছেলে। সে দীর্ঘদিন কালীদহ ইউনিয়নের ইউনিয়ন কৃষকদলের সভাপতির দায়িত্বে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল কুদ্দুছ জানান, নুরুল আফছার সোহাগের বিরুদ্ধে মামলার এজহারে সাংবাদিক ওমর ফারুককে হত্যার উদ্দেশে ৩০৭ ধারায় সুনির্দিষ্ট অভিযোগ থাকায় বিজ্ঞ আদালত আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশে বাড়ি থেকে বের হন সাংবাদিক মো. ওমর ফারুক। তিনি সিলোনিয়া মাদরাসার একটু সামনে ছালেহ আহাম্মদের দোকানের সামনে গেলে কিছু বুঝে ওঠার আগে পার্শ্ববর্তী এলাকার কুখ্যাত সন্ত্রাসী ওমর ফারুক প্রকাশ জামাই ফারুকের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করে ফেলে যায়। এ ঘটনায় সাংবাদিক ফারুক বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।
প্রতিনিধি/এসএস




