আসছে পবিত্র মাহে রমজান। রোজার এই মাসে যেন দুস্থ মানুষেরা ভালোভাবে খেতে পারেন, সেদিক বিবেচনা করে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিতরণ করা হয়েছে খাদ্যসামগ্রী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হাব'র উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ডাল, আলু, পিঁয়াজ, চিনি, তেল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হয়। এ উপহার সামগ্রী পেয়ে অসহায় মানুষের মুখে ফুটেছে আনন্দের হাসি।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, দহবন্দ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রোকনুজ্জামান, আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হাবের গাইবান্ধা প্রতিনিধি আহমাদ সালমান, সমাজসেবক ইদ্রিস আলীসহ অনেকে।
এই সুবিধাভোগী জাহানারা বেগম বলেন, রমজানে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ে। ঈদের দিন সন্তানদের মুখে হাসি ফোটানোর চিন্তায় রাতে ঘুম আসত না। আজ এ উপহার পেয়ে আমার দুশ্চিন্তা অনেকটাই কমে গেল। আল্লাহ তাদের মঙ্গল করুন।
আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হাবের গাইবান্ধা প্রতিনিধি আহমাদ সালমান বলেন, প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় আমরা এ উদ্যোগ নিয়েছি। যাতে সমাজের অসহায় মানুষরা রমজান ও ঈদের আনন্দ উপভোগ করতে পারে। আমরা চাই কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না থাকে।
প্রতিনিধি/ এজে




