ফরিদপুরের বোয়ালমারীতে আড়তে অভিযানের সময় ফল ব্যবসায়ী মফিজুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫০ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়। পরে গোডাউনটি সিলগালা করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল এ অভিযান পরিচালনা করেন।
উপজেলার সদর বাজারের চৌরাস্তা সংলগ্ন ফল ব্যবসায়ী মফিজুর রহমানের গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আজমাইন।
এ সময় ১৫০ কেজি খেজুর জব্দ ও ৯০০ কেজি খেজুরের মান পরীক্ষার জন্য সাময়িক সময়ের জন্য গোডাউনটি সিলগালা করা হয়।
অভিযানকালে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প প্রধান ক্যাপ্টেন আজমাইনসহ যৌথ বাহিনীর সদস্যরা ছাড়া কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালক গোলাম রব্বানী সোহেল জানান, রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ও খাদ্যের মান বজায় রাখার জন্য অভিযান শুরু হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এমইউ




