নড়াইলের লোহাগড়া উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৪ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ইতনা ইউনিয়নের চর-সুচাইল গ্রামে জার্মান প্রবাসী রাজীব হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ইতনা ইউনিয়নের বিট অফিসার ও লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার মুঠোফোনে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী ও পুলিশ জানায়, উপজেলার ইতনা ইউনিয়নের চর-সুচাইল গ্রামে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে অজ্ঞাত দুই থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তি জার্মান প্রবাসী রাজীব হোসেনের একতলা বাড়ির সিঁড়ি ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করে। দেশীয় অস্ত্রের মুখে প্রবাসীর বৃদ্ধ বাবা তারেক হোসেনকে (৮০) চেতনানাশক স্প্রে প্রয়োগ করে অজ্ঞান করে। প্রবাসীর মা হাওয়া বেগমকে (৬৭) অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে দেড় ভরি ওজনের একটা স্বর্ণের চেইন, দুই হাতে থাকা এক ভরি ওজনের স্বর্ণের বালা, কানে থাকা ৫ আনা ওজনের স্বর্ণের দুল, নাকে থাকা একটি নাক ফুল ও নগদ কিছু টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন
পরে বুধবার সকালে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তারেক হোসেনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার জ্ঞান না ফেরায় বুধবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার মুঠোফোনে ঢাকা মেইলকে বলেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পায়নি। তবে মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং জড়িতদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।
প্রতিনিধি/এসএস




