শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

তিস্তা বাঁচানোর পদযাত্রায় জনস্রোত

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

তিস্তাপাড়ে পদযাত্রায় জনতার ঢল

তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে বিশাল পদযাত্রা ও নদীতে নেমে প্রতীকী কর্মসূচি পালিত হয়েছে। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’-স্লোগানে নদী রক্ষার আন্দোলনের ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনের শুরুতে এ পদযাত্রায় প্রায় লক্ষাধিক মানুষের ঢল নামে তিস্তা পাড়ে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু থেকে মানুষের অংশগ্রহণে পদযাত্রাটি বের হয়ে রংপুরের কাউনিয়া উপজেলা ঘুরে পুনরায় ফিরে আসে।


বিজ্ঞাপন


নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে পদযাত্রাটি ৫ কিলোমিটার পথ অতিক্রম করে।

পদযাত্রার মধ্যদিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করে নদী রক্ষা আন্দোলন। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে মুখর হয়ে উঠেছে ১২০ কিলোমিটারের তিস্তা নদীর দুই পাড়। দ্বিতীয় দিনে পদযাত্রার পরে তিস্তা নদীতে প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রায় লক্ষাধিক মানুষ। 

আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, পদযাত্রার মধ্য দিয়ে ঘোষিত কর্মসূচির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। তিস্তার ন্যায্য হিস্যা আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। অবস্থান কর্মসূচিতে কাজ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তবুও তিস্তার হিস্যা চাই।

জানা গেছে, বন্যা আর ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ফসলি জমিসহ স্থাপনা। একই সঙ্গে বর্ষা শেষে মাইলের পর মাইল বালুময় মরুভূমিতে পরিণত হয় তিস্তা পাড়ে বিস্তীর্ণ এলাকা। ফলে অনাবাদি পড়ে রয়েছে হাজার হাজার হেক্টর ফসলি জমি।


বিজ্ঞাপন


এ কারণে দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করে আসছে তিস্তা পাড়ের মানুষজন। এ দাবি আদায়ে বিভিন্ন সময় নানান আন্দোলন করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

আজ তিস্তার ১১টি পয়েন্টে জড়ো হয়েছেন রাজনৈতিক নেতাকর্মীরা। তাদের দাবি, বিচ্ছিন্নভাবে নয় অন্তর্বর্তী সরকারের সময়ই শুরু করতে হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। 

আজ সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি ১১টি পয়েন্টে যুক্ত হয়ে আন্দোলনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। 

উল্লেখ্য, তিস্তা নদী রক্ষার আন্দোলনে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি গতকাল সোমবার দুপুরে উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিস্তা নদীর দুই তীরে ৫টি জেলায় ১১টি পয়েন্টে দিনভর নানা আয়োজনে প্রথম দিন অতিবাহিত করে তিস্তাপাড়েই তাবুতে রাত যাপন করে হাজারো মানুষ।

রাতে রংপুর অঞ্চলের সংস্কৃতি তুলে ধরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তিস্তাপাড়ের মানুষের সুখ-দুঃখের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। যার মাধ্যমে তিস্তার করুন চিত্র তুলে ধরা হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর