বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

রাবিতে খেলা নিয়ে সংঘর্ষ, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

রাবিতে খেলা নিয়ে সংঘর্ষ, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্রিকেট খেলায় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১টায় শহীদ বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ বিক্ষোভ কর্মসূচি করেন তারা।

বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসময় পাঁচ দফা দাবি জানান তারা, দাবিগুলো হলো:

১। নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন

২। অপরাধীদের শাস্তির ব্যবস্থা

৩। আহতদের চিকিৎসার ব্যবস্থা

৪। ক্ষতিপূরণের ব্যবস্থা

৫। শিক্ষার পরিবেশ ও শৃংখলা রক্ষা

গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিক বলেন, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা একতরফা আমাদের উপর হামলা করেছে। যার ছবি ও ভিডিও ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমরা এ সংঘর্ষের বিচার না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষায় ফিরবো না। এর আগেও খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে, তদন্ত কমিটিও হয়েছে কিন্তু কোনো আশানুরূপ ফলাফল আসেনি। আমাদের বেলায়ও এমন হতে পারে, কিন্তু আমরা বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করছি। অতিদ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আরো বড় পরিসরে আন্দোলনে যেতে বাধ্য হবো।

গণিত বিভাগের শিক্ষার্থী আবুল বারাকাত বলেন, জুলাই বিপ্লবের স্লোগানকে বিনষ্ট করেছে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ। শিক্ষার্থীদের মধ্যে ঐক্য নষ্ট করার জন্য কালকে বর্বরোচিত হামলা করা যা আমরা ছাত্রলীগের সাথে তুলনা করতে পারি। আমাদের আহত ভাইদেরকে মেডিকেলে রেখে আমরা এখানে দাঁড়িয়েছি, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। ভবিষ্যতে এ ধরণের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. আসাবুল হক বলেন, কালকের ঘটনায় জড়িতদের বিচার চেয়ে গণিত বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আমরাও চাইবো বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসুক।

এসময় গণিত বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট খেলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণিত বিভাগের এক শিক্ষকসহ প্রায় ২০জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে রাবি মেডিকেলে নেওয়া হয়। পরে গুরুতর আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) পাঠানো হয়।

গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে গণিত বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের খেলা শেষে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর