গাজীপুরে চলমান অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ৬৫ জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে গাজীপুর জেলার পাঁচটি থানায় ৪০ জন এবং মহানগরের আটটি থানায় ২৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় প্রায় ৬০০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে নিয়ে যাওয়ার সময় ইট ছোঁড়ার ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন।
গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এবং গাজীপুর মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, দুপুর ১টার মধ্যে গাজীপুরে ৪০ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি, তবে আটককৃতরা সরকারপন্থী ফ্যাসিস্ট গোষ্ঠীর সদস্য বলে অভিযোগ।
গাজীপুর মহানগরের আটটি থানায় ২৫ জনকে আটক করা হয়েছে এবং অপারেশন ডেভিল হান্ট এখনও চলমান বলে জানিয়েছেন মো. জাহিদুল হক।
এছাড়া গাজীপুর সদর মেট্রো থানার ওসি মো. সিদ্দিক হোসেন জানান, সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ির ঘটনায় ২৩৯ জনকে শনাক্ত করা হয়েছে এবং অজ্ঞাত ২/৩ শত জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক আব্দুল্লাহ মহিন এই মামলা দায়ের করেছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের গাজীপুর আদালতে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যান থেকে নামানোর সময় সাংবাদিকদের লক্ষ্য করে ইট ছোঁড়া হয়, এতে দুই সাংবাদিক – গাজীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন (জিটিভি) এবং আনন্দ টিভির জসিম উদ্দিন – আহত হন।
বিজ্ঞাপন
ধীরাশ্রম এলাকায় গ্রেফতারের আতঙ্কে অনেক বাড়িতে মানুষ নেই, এবং ছোট বাজার ও চায়ের দোকানে মানুষের উপস্থিতি কমে গেছে। স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দেওয়ার কারণে মুসল্লিরা ভয়ে মসজিদে কম আসছেন।
কালিয়াকৈরে শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীরা কালিয়াকৈরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে শ্লোগান দিয়ে দাবি জানায়, ‘যতদিন পর্যন্ত আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীদের গ্রেফতার না করা হয় এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণকারীদের বিচার না করা হয়, ততদিন আন্দোলন চলবে।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন।
আহত ছাত্র চিকিৎসাধীন
শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় গুলিবর্ষণের ঘটনায় একজন ছাত্র গুরুতর আহত হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাত জন ভর্তি হয়েছেন। পুলিশ এ ঘটনায় ১৬ জনকে আটক করেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারাদেশে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছে।
গাজীপুরের বিভিন্ন স্থানে ছাত্র আন্দোলন অব্যাহত রয়েছে এবং নতুন গ্রেফতারের আতঙ্কে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রতিনিধি/একেবি




