মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রবাসে আটকে রেখে মুক্তিপণ আদায়, সর্বস্ব হারিয়ে দিশেহারা

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০০ এএম

শেয়ার করুন:

প্রবাসে আটকে রেখে মুক্তিপণ আদায়, সর্বস্ব হারিয়ে দিশেহারা

দালাল রুবেল হাওলাদার ও তার সদস্যরা সৌদি আরবে বরগুনার আমতলীর দুই ভাই সাইদুল গাজী ও মামুন হাওলাদারকে পাঁচ মাস আটকে রেখে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখন দালাল চক্রের খপ্পরে সর্বস্ব হারিয়ে দিশেহারা দুই ভাই ও তাদের পরিবার। 

সৌদি আরবের জেল থেকে সাইদুল মুক্তি পেয়ে দেশে ফিরলেও অপর ভাই মামুন এখনও পালিয়ে বেড়াচ্ছেন। এ ধরনের অভিযোগ করেন মুক্তিপণ দিয়ে ফিরে আসা নির্যাতিত সাইদুর রহমান গাজী। এ ঘটনা ধামাচাপা দিতে আমতলী উপজেলার লোচা গ্রামে বৃহস্পতিবার রাতে দালাল রুবেল হাওলাদার পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেন সাইদুল গাজীর। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: পুলিশ হেফাজত থেকে নিক্সনের সহযোগীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা 

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আব্দুল হাই গাজীর ছেলে সাইদুল গাজী ও তার ফুফাতো ভাই মামুন হাওলাদারকে দালাল রুবেল হাওলাদার আট লাখ টাকা চুক্তিতে কোম্পানির ভিসায় সৌদি আরবে পাঠান। ২০২২ সালের ২৬ এপ্রিল জেদ্দা বিমানবন্দরে নামেন দু’ভাই। এরপর দালাল চক্রের সদস্য ফুয়াদ তাদের একটি বদ্ধ ঘরে আটকে রাখেন। ওই স্থানে তাদের ওপর নির্যাতন চালানো হয় এমন অভিযোগ সাইদুল গাজীর। 

চার দিন পরে দালাল চক্রের আরেক সদস্য মনির এসে তাদের জেদ্দায় মরুভূমির মধ্যে একটি বন্ধ মুরগির ফার্মে নিয়ে যায়। ওই স্থানে তাদের ৫ মাস ১০ দিন আটকে রাখেন তারা। দালাল রুবেলের নির্দেশে চক্রের সদস্যরা তাদের ওপর অমানুষিক নির্যাতন চালায় এবং দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। নির্যাতন সইতে না পেরে সাইদুল ও মামুন দু’ভাই পালিয়ে যেতে চেষ্টা করেন। কিন্তু দালাল চক্রের হাত থেকে রক্ষা পাননি তারা। 

সাইদুলের অভিযোগ, দালাল রুবেলের নির্দেশে মনির তাদের আটকে রেখে নির্যাতন চালিয়ে মুক্তিপণ হিসেবে দেড় লাখ টাকা দাবি করেন। নিরুপায় হয়ে দেড় লাখ টাকা দেয় সাইদুলের পরিবার। এরপর দালাল রুবেল মেয়াদ উত্তীর্ণ আকামা দিয়ে দুই ভাইকে ছেড়ে দেয়। ওই আকামা নিয়ে পালিয়ে বেড়ায় তারা। এ ঘটনা নিয়ে দালাল রুবেলের সঙ্গে সাইদুলের কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হন রুবেল। পরে দালাল রুবেল ও তার সহযোগীরা গত বছর ১৪ ডিসেম্বর সৌদি পুলিশে সাইদুলকে ধরিয়ে দেয়। ১২ দিন কারাবাস শেষে গত বছর ২৭ ডিসেম্বর সৌদি পুলিশ তাকে মুক্তি দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: রামদা হাতে ত্রাস সৃষ্টিকারী জ্যোতি গ্রেফতার

অপর দিকে সাইদুলের ফুফাতো ভাই মামুন হাওলাদার সৌদি আরবে পালিয়ে বেড়াচ্ছেন। পরিবারের কাছে তার কোনো হদিস নেই এমন অভিযোগ মামুনের বাবা মজিবুর রহমান হাওলাদারের। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাইদুল গাজী ও দালাল রুবেল হাওলাদারের মধ্যে এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে দালাল রুবেল হাওলাদার সাইদুল গাজীর বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ তুলে আমতলী থানায় অভিযোগ দিয়েছেন। 

দালাল রুবেল হাওলাদার দু’ভাইকে সৌদি আরবে পাঠানোর কথা স্বীকার এবং নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, সাইদুল গাজী লোকজন নিয়ে আমাকে মারধর শেষে টাকা ছিনিয়ে নিয়েছে। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, সৌদি আরবে নির্যাতন ও মুক্তিপণের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মারধরের একটি অভিযোগ পেয়েছিলাম। ওই বিষয়টি মীমাংসা হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর