মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

মিয়ানমার থেকে টেকনাফে বাণিজ্য বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

মিয়ানমার থেকে টেকনাফে বাণিজ্য বন্ধ ঘোষণা

মিয়ানমার সরকার টেকনাফ নৌপথে পণ্য পরিবহনসহ বাণিজ্য বন্ধ রেখেছে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ইয়াংগুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে পণ্যবাহী কার্গো জাহাজ আটকে রাখার কারণে জান্তা সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। এর ফলে টেকনাফ স্থলবন্দর উদ্দেশে রওনা দেওয়া একটি হিমায়িত মাছের জাহাজ সমুদ্রের আকিয়াব থেকে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য হয়েছে।

একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। শনিবার মিয়ানমারের সংবাদমাধ্যম বর্ডার নিউজ এজেন্সি সীমান্ত বাণিজ্য বন্ধ রাখার খবর প্রকাশ করেছে।


বিজ্ঞাপন


এদিকে, ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে ইয়াংগুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে বাংলাদেশ-মিয়ানমার নাফ নদীর জলসীমা নাইক্ষ্যংদিয়ায় তল্লাশির কথা বলে পণ্যবাহী তিনটি জাহাজ আটকে দেয় আরাকান আর্মি। চার দিন পর ২০ জানুয়ারি (সোমবার) দুটি কার্গো জাহাজ ছেড়ে দেওয়া হলেও, এখনও একটি (রোববার বিকাল পর্যন্ত) আরাকান আর্মির হেফাজতে রয়েছে। এই কারণে মিয়ানমার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, মিয়ানমারের রাখাইনে বিভিন্ন অঞ্চলে সড়কপথে বাণিজ্য বন্ধ রেখেছে জান্তা সরকার, যার প্রতিক্রিয়া হিসেবে এই নৌপথে আরাকান আর্মি হস্তক্ষেপ করছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, ইতোমধ্যে ইয়াংগুন থেকে টেকনাফে জাহাজে পণ্য পরিবহনের ওপর বিধিনিষেধ আরোপ করেছে জান্তা সরকার। কারণ, ইয়াংগুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে পণ্যবাহী জাহাজ থেকে আরাকান আর্মি কমিশন নিচ্ছে। সেটি রোধ করতে সাময়িকভাবে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে দুই দেশের ব্যবসার ওপর ব্যাপক প্রভাব পড়বে। তাই নিজেদের স্বার্থে দুই দেশের আন্তরিকতা জরুরি, নইলে ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানে পড়তে পারে।

অন্যদিকে, মিয়ানমারের বর্ডার নিউজ এজেন্সি এক ব্যবসায়ীর বরাত দিয়ে জানায়, ‘আরাকান আর্মির হাতে আটক পণ্যবাহী কার্গোটি দেশটির প্রভাবশালী উ কিয়াউক তাউংয়ের কাছে রয়েছে, যাঁর সঙ্গে সেনা কর্মকর্তাদের সুসম্পর্ক রয়েছে। তাঁর অনুরোধে জান্তা সরকার সম্ভবত ইয়াংগুন থেকে টেকনাফ স্থলবন্দর পর্যন্ত সীমান্ত বাণিজ্য সাময়িকভাবে বন্ধ রেখেছে। এর ফলে, মিয়ানমার থেকে টেকনাফের উদ্দেশে রওনা দেওয়া মাছের জলযান মাঝপথে ফেরত যেতে বাধ্য হয়েছে, যাতে আরাকান আর্মি এ ধরনের কার্যক্রম থেকে দূরে থাকে এবং তাদের অবৈধ আয় বন্ধ থাকে।’


বিজ্ঞাপন


টেকনাফের স্থলবন্দর ব্যবসায়ীরা জানান, ২১ জানুয়ারি (মঙ্গলবার) ইয়াংগুন থেকে একটি মাছের জাহাজ টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে রওনা দেয়, কিন্তু আকিয়াব পৌঁছালে সে দেশের সরকার সেটি ফেরত যেতে বাধ্য করে। এই জাহাজে ইলিশসহ প্রায় ১০০ টন মাছ ছিল। টেকনাফের ব্যবসায়ীরা কায়ছার জুয়েল, ওমর ফারুক, শওকত আলম ও মোহাম্মদ ফারুকসহ অনেকের মাছ ছিল।

এ বিষয়ে মাছ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম কায়সার জুয়েল বলেন, ‘ইয়াংগুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসা একটি মাছের জাহাজ আবার ফেরত গেছে। সেখানে আমারসহ আরও অনেকের মাছ ছিল, কিন্তু কী কারণে ফেরত গেছে সেটি পরিষ্কার না। আমি শুনেছি, ইয়াংগুন থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ আসা আপাতত স্থগিত রয়েছে।’

কয়েকদিন টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ আসা বন্ধ থাকবে বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জিন্না অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী শওকত আলী চৌধুরী। তিনি ইয়াংগুনের ব্যবসায়ীদের বরাত দিয়ে বলেন, ‘আপাতত কিছু দিন সেখান থেকে পণ্যবাহী জাহাজ আসবে না। একটি মাছের জাহাজ আসার কথা ছিল, সেটিও আর আসতে পারছে না। সেখানকার কিছু সমস্যার কারণে সাময়িকভাবে এই সমস্যা সৃষ্টি হচ্ছে।’

ব্যবসায়িক কাজে ইয়াংগুন সফরকারী ব্যবসায়ী ফারুক আলম মোবাইল ফোনে বলেন, ‘আমাদের একটি মাছের জাহাজ আবার এখানে (ইয়াংগুনে) ফেরত এসেছে। মূলত ইয়াংগুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী কার্গো জাহাজ আটকের ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। ফলে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।’

টেকনাফ কাস্টমস কর্মকর্তা সোহেল উদ্দীন বলেন, ‘আরাকান আর্মি তল্লাশির নামে পণ্যবাহী কার্গো জাহাজ আটকে রেখেছে। সেটি কবে ছেড়ে দেবে তা বলা মুশকিল। আর ইয়াংগুন থেকে জাহাজ না ছাড়ার বিষয়টি আমি জানি না।’

এদিকে, ৮ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। সর্বশেষ ৫ নম্বর সীমান্ত ব্যাটালিয়নটিও তারা দখলে নেয়। এরপর থেকে কোনও পণ্যবাহী জাহাজ মিয়ানমার থেকে টেকনাফে আসেনি। সর্বশেষ ৩ ডিসেম্বর ইয়াংগুন থেকে টেকনাফে পণ্যবাহী জাহাজ এসেছিল।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর