রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্য ক্লোজড

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্য ক্লোজড

ট্রাক চালকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ফেনী মডেল থানার এক এসআই ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপ-পরিদর্শক (এসআই) শুক্কুর, কনস্টেবল জাহিদ ও নিরবকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

ফেনী শহরের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুর রহমান রিজভী বলেন, সোমবার সকালে আমি ঢাকা চলে যাবো। তাই রাতে আমরা বন্ধুরা সবাই একসঙ্গে বসে দোয়েল চত্বর এলাকায় চা খাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম একটি বাঁশভর্তি ট্রাক শহীদ মিনার এলাকায় দাঁড়াল। এসময় সড়কে পুলিশের সঙ্গে থাকা সিএনজিচালিত অটোরিকশার এক চালক ওই ট্রাক চালকের কাছ থেকে কিছু একটা নিয়ে আসে। বিষয়টি সন্দেহ হলে আমি ও আমার বন্ধুরা অটোরিকশা চালককে জিজ্ঞেস করলে প্রথমে তিনি অস্বীকার করেন। একপর্যায়ে তিনি স্বীকার করে বলেন, পুলিশের কথামতো তিনি ট্রাক চালকের কাছ থেকে চা খাওয়ার কথা বলে দুইশ টাকা নিয়েছেন।

রিজভী বলেন, একপর্যায়ে স্থানীয় জনতা শহীদ মিনার এলাকায় পুলিশ সদস্যদের ঘেরাও করে। পরে তাদের আটকে রেখে চাঁদাবাজির বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমাকে জানানো হয়। কিছুক্ষণের মধ্যে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা ঘটনাস্থলে আসেন। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, শহীদ মিনার এলাকায় চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। 

জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর