ফেনীতে কর্মশালায় কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মাসুদ করিম বলেছেন, একজন উদ্যোক্তা সমাজ ও রাষ্ট্রের জন্য নানা সূচক উন্নীতকরণের কাজ করে থাকেন৷ একজন উদ্যোক্তা নিজেই নিজের এবং আশপাশের লোকজনের কর্মসংস্থান সৃষ্টি করে ভূমিকা রাখেন। এর কারণে কর্মে নিয়োজিতদের মাঝে পেশাদারিত্ব সৃষ্টি হয়, সামাজিক অপরাধ কমে আসে এবং এদের কর্মের কারণে সরকার বিপুল পরিমাণ ভ্যাট ট্যাক্স পেয়ে থাকেন৷ তাই বর্তমান সরকার দেশে উদ্যোক্তা সৃষ্টিতে নানামুখী কর্মকাণ্ড হাতে নিয়েছেন।
শনিবার ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনদের সঙ্গে পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক এসব কথা বলেন।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, সরকার সারাদেশে কৃষিখাতে উৎপাদন বাড়াতে হাঁস মুরগি পালন, মাছ চাষ, পতিত জমি চাষাবাদের আওতায় এনে বেকারত্ব দূর করন, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশে ২০ হাজার মানুষকে বাছাই করে হাতে কলমে প্রশিক্ষণ দেবে। সম্পূর্ণ সরকারি খরচে ৮টি বিষয়ে ১২দিন প্রশিক্ষণ দিয়ে কৃষি ক্যাটাগরির ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে বাড়বে উৎপাদন, স্বনির্ভর হবে দেশ।
জেলা কৃষি বিপণন কর্মকতার কার্যালয়ের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. একরাম উদ্দিন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছাল আলী, বিপণন অধিদফতরের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মাসুদ রানা।
প্রতিনিধি/এসএস




