জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও ফেনীর সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেছেন, আল্লাহ তায়ালা ছাড় দেন, তবে ছেড়ে দেন না। এর প্রমাণ আল্লাহ ফেরাউন নমরুদসহ সব স্বৈরাচারের পতন ঘটিয়েছেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের দেশ ও জাতি চরম ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিকদলগুলো শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিল, কিন্তু তারা (আওয়ামী লীগ) আমি আর ডামি নির্বাচন এবং সীমাহীন দুর্নীতি-লুটপাট ও গুম খুনসহ নানা অপকর্মের কারণে দেশ ছেড়ে পালিয়ে গেছে।
শুক্রবার রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া আরও বলেন, সব দফার দিন শেষ, একদফার বাংলাদেশ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার ইউনিয়নের একটি ঘরও যাতে জামায়াতে ইসলামীর দাওয়াতের বাহিরে না থাকে। কারণ একটি লোকও যদি দাওয়াত না পেয়ে থাকে তাহলে রোজ হাশরের দিন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবেন তিনি দাওয়াত পাননি। এরজন্যে আমি, আপনি, আপনারা সবাই আল্লাহর নিকট জবাব দিতে হবে।
অধ্যাপক লিয়াকত আলী বলেন, ভারত আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত রয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্র মোকাবিলা করে সুন্দর সমৃদ্ধশালী ও কল্যাণময় বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। আমরা ভারতকে পরিষ্কার করে বলে দিতে চাই, আমরা খাঁন জাহান আলীর বংশধর। আমাদেরকে ভয় দেখাবেন না।
শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চাননি মন্তব্য করে তিনি আরও বলেন, শেখ মুজিব অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। মেজর জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করেন।

সিলোনীয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ফেনী জেলা আমির মাওলানা মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী সালেহ উদ্দিন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ফেনী জেলা সভাপতি মো. ইমাম হোসাইন।
জায়লস্কর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ফখরুল ইসলাম মামুনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির এএসএম নুর নবী দুলাল, উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, সহকারী সেক্রেটারি মাওলানা হাবীবুর রহমান, দাগনভূঞা উপজেলা আইবিভিব্লিওএফের সভাপতি মাওলানা মোশারফ হোসেন প্রমুখ।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ইএ




