মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

কুমিল্লার শাহপুর সীমান্তে বেড়া দিচ্ছে বিএসএফ, বিজিবির টহল জোরদার

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

কুমিল্লার শাহপুর সীমান্তে বেড়া দিচ্ছে বিএসএফ, বিজিবির টহল জোরদার

কুমিল্লা সীমান্তে পুকুরের পাড়ে সীমান্ত বেড়া তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুমিল্লা আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্তে একটি পুকুরের পাড়ে এই বেড়া নির্মাণ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরটির এক তৃতীয়াংশ ভারতে এবং বাকী একাংশ বাংলাদেশে পড়েছে। তবে, উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে থাকেন। দুই দেশের মানুষ নিজেদের প্রয়োজন মেটাতে এ পুকুরের পানি ব্যবহার করে।


বিজ্ঞাপন


সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সরেজমিনে শাহপুরের সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, ভারতীয়রা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। তবে, এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

সীমান্ত পিলারের দেড়শ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, দেড়শো গজের মধ্যে সীমান্ত বেড়া দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ হলেও ভারতীয়রা ২০-৩০ গজ ভিতরে বেড়া তৈরি করছে। তবে, বিজিবির দাবি, ‘নিজেদের অংশে বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে বেড়া দিলে বাধা দেওয়া হবে।’

এছাড়াও, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সীমান্তের পিলারের কাছাকাছি বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভয় দেখায় বিএসএফ। জিরো পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়ার হুমকি দেয় এবং সীমান্ত না ছাড়লে গুলি করারও হুমকি দেয়।

শাহপুর এলাকার স্থানীয় বাসিন্দা আবদুল জাব্বার বলেন, ‘আমরা আগে শুনতাম দেড়শ গজের ভিতরে কোনো কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না। কিন্তু ভারতীয়রা এখন মাত্র ২০ গজের মধ্যেই কাঁটাতারের বেড়া দিচ্ছে। আমরা এগুলো নিয়ে বাংলাদেশে দাঁড়িয়ে কিছু বলতে গেলেও বিএসএফ ওই পাশ থেকে বন্দুক তাক করে আমাদের গুলি করার হুমকি দেয়। সীমান্ত থেকে না চলে গেলে তারা আমাদেরকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়। কোনো পাবলিক সেখানে গেলে তারা বলে 'যাও আউট, নইলে গুলি করবো।’


বিজ্ঞাপন


আরেকজন স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, ‘আমরা এলাকাবাসীরা অনেক সময় দেখতে যাই যে কোথায় বেড়া দিচ্ছে তারা (বিএসএফ), কিন্তু আমাদেরকে সেই সুযোগও দিচ্ছে না। গুলি দেখিয়ে আমাদেরকে সরে যেতে বলেন। ২০ গজের মধ্যে বেড়া দিলে তো আমরা এলাকাবাসীরা বিপদে পড়ব, কারণ এখান দিয়ে তখন হাঁটাচলা করা যাবে না। আমাদের জমি আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারব না। ভারতীয়রা জোরপূর্বক এই কাজ করছে।’

এদিকে, সোমবার বিকেলে সরেজমিনে কুমিল্লা সীমান্তে দেখা গেছে, বিজিবির সদস্যদের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা। এছাড়াও, ভারতীয় অংশেও টহল বাড়িয়েছে বিএসএফ।

শাহপুর সীমান্তের পুকুরটির কাছে গিয়ে দেখা যায়, পুকুরটির কাছেই বিজিবির একটি দল সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে, বিএসএফের উপস্থিতিতে চলছে দেয়াল নির্মাণের কাজ।

এই বিষয়ে কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, ‘আমরা অতিরিক্ত বিজিবি টহল জোরদার করছি, এ বিষয়ে আমরা পরে আনুষ্ঠানিক বক্তব্য দেবো।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর