রাজশাহীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) সকালে নগরীর হাজরাপুকুর ডাবতলা রেলমাঠ সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আরএমপির চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২০ বছর। তার শরীরে কালো রঙের জিন্স ফুলপ্যান্ট, গায়ে কালো ফুলহাতা শার্ট ছিল। মৃত ব্যক্তির উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে, মাথার চুল কালো।
ওসি মতিয়ার রহমান বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে হাজরাপুকুর ডাবতলা রেলমাঠ সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। বর্তমানে মৃতদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এই সংক্রান্তে নগরীর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরিচয় শনাক্ত হলে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
প্রতিনিধি/একেবি




