ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে গণহত্যা মামলার এজহারভুক্ত আসামি সাইদুল হক রিফাত (২৮)কে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের সিডিএ এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
বিজ্ঞাপন
রিফাত ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি ওই ইউনিয়নের উত্তর ছনুয়া গ্রামের সালেহ আহমদের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানার সিডিএ এভিনিউ এলাকায় অভিযান চালায় র্যাব-৭ এর সদস্যরা। এ সময় একটি আবাসিক বাসা থেকে রিফাত কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রিফাত ৪ আগস্ট ফেনীর মহিপাল এলাকায় ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ২টি মামলায় এজহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, র্যাবের হাতে চট্টগ্রাম থেকে গ্রেফতারকৃত আসামি রিফাতকে ২ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/ এজে

