মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

চাঁদের গাড়ি খাদে পড়ে প্রাণ গেল তিনজনের

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ০১:৪৭ এএম

শেয়ার করুন:

চাঁদের গাড়ি খাদে পড়ে প্রাণ গেল তিনজনের
ফাইল ছবি

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার সীমান্ত সড়ক এলাকায় চাঁদের গাড়ি (জিপ) পাহাড়ি খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পানকাটাছড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন- রাজস্থলী উপজেলার বালুমুড়া এলাকার বাসিন্দা জিপচালক চিনু মং মারমা (২৫) এবং জুরাছড়ি উপজেলার পানকাটাছড়ি এলাকার বাসিন্দা মনো চাকমা (১৮)। এই দুইজনের মধ্যে একজন ঘটনাস্থলেই ও আরেকজন রাজস্থলীতে আনার পথে মারা যান।

আহতরা হলেন- রাজস্থলী উপজেলার বালুমুড়া এলাকার বাসিন্দা ক্য সি নু মারমা (২০), জুরাছড়ি উপজেলার পানকাটাছড়ি এলাকার বাসিন্দা কালুকেতু চাকমা (৪৫), বসতা চাকমা (৪৫), বারমু চাকমা (২০), দোলাইয়া চাকমা (৩৫) ও সুরজ্যোতি চাকমা (২০)। এর মধ্যে কালকেতু চাকমা ও বসতা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে গন্তব্যের দিকে যাচ্ছিল। পানকাটা ছড়া নামক এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়। আহত হয় মোট নয়জন। তাদের উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও দুইজনের মৃত্যু হয়। বাকি আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহত অন্যজনকে হাসপাতালে আনা হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরীন্দ্র বড়ুয়া জানান, ‘হাসপাতালে মৃত দুজন ও আহত ছয়জনকে আনা হয়েছে। আমরা আশঙ্কাজনক দুইজনকে চট্টগ্রামে রেফার করেছি। তাদের একজনের পা বিচ্ছিন্ন হয়েছে এবং আরেকজনের শরীরে আঘাতের কারণে রক্তজমাট হয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় মোট তিনজন নিহতের খবর পেয়েছি। নিহত একজনকে হাসপাতালে না এনে বাসায় নিয়ে যাওয়ার খবর জেনেছি।’

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন বলে খবর পেয়েছি।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর