সাভারের আশুলিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া গুলিবিদ্ধ আরও একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (৪ আগস্ট) দুপুরে মরদেহটি ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। গুলিবিদ্ধ অপরজনের নাম বিপ্লব। তিনি বাইপাইল এলাকায় সড়কের পাশে পানি বিক্রি করেন। তার বয়স আনুমানিক ৪০ বছর।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, দুপুর দেড়টার দিকে ৪-৫ জন তরুণ আনুমানিক ৩০ বছর বয়সী এক তরুণের মরদেহ হাসপাতালে নিয়ে আসে। মরদেহটি হাসপাতালে রেখে তারা চলে যায়।
আহত বিপ্লব বলেন, আমি রাস্তার পাশে পানি বিক্রি করি। হঠাৎ করে মারামারি লাগছে। তখন একটা গুলি এসে আমার বুকে লাগে।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহমেদুল হক তিতাস বলেন, দুপুর দেড়টার দিকে মৃত অবস্থায় ওই মরদেহ রেখে যায় ৪-৫ জন তরুণ। মরদেহটি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার পিঠে একটি গুলির চিহ্ন রয়েছে। এছাড়া হাতে গুলিবিদ্ধ আরও একজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে, সকাল ১১টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় আন্দোলনকারীরা জড়ো হন।
আন্দোলনকারীরা মিছিল নিয়ে বাইপাইল এলাকায় এসে একটি ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর করে। এ সময় আশপাশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে গিয়ে আন্দোলনকারীদের ধাওয়া দেয়। সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সেখানে ককটেল বিস্ফোরণ ও গুলি ছোঁড়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত আটজন আহত হন বলে জানা যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতের বিষয় জানা নেই।
প্রতিনিধি/একেবি




