নীলফামারীর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ভীস্ম দেব রায় (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া ইন্দ্রমোহনপাড়া সংঘর্ষের ঘটনায় আহত হলে ওই বৃদ্ধকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।
নিহত ভীস্ম দেব রায় ওই এলাকার মৃত বিপীন চন্দ্র রায়ের ছেলে। আহতরা হলেন, ভীস্ম দেব রায়ের ভাই ফুল কুমার রায় ও ভাতিজা মিলন চন্দ্র রায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একই এলাকার জাহিদুল ইসলাম, পিয়ারুল ইসলাম ও মো. হুমায়ুন সঙ্গে এক খণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল নিহত ভীস্ম দেব রায়ের। পরে ভীস্ম দেব রায় বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে বিচারক উক্ত মামলার রায় তার পক্ষে প্রদান করে। বৃহস্পতিবার সকালে সেই জমিতে ভীস্ম দেব রায় স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে ধান রোপন করতে যান। সেই সময় জাহিদুল আরও লোকজনকে সঙ্গে নিয়ে জমিতে এসে তাদেরকে এলোপাতাড়ি মারধর করে। এরপর ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল থেকে চলে যান তারা। শারীরিক অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভীস্ম দেব রায়কে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ওসি তানভীরুল বলেন, জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও দুইজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/এএস




