সাবেক উপমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভোট ও ভাতের অধিকার আন্দোলন চলবেই। জনগণের অধিকার যতদিন পূরণ না হবে, এ আন্দোলন বন্ধ হবে না।
শনিবার (২৯ জুন) দুপুরে নাটোর শহরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জাতীয়তাবাদী দল বিএনপি নাটোর শহর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, জনগণ ভোট কেন্দ্রে যায় নাই। সাধারণ মানুষ ভোট বর্জন করেছেন। ডামি নির্বাচনে জনগণ ডামি প্রার্থীদের ভোট দেয় নাই। এ নির্বাচনে অংশগ্রহণ করেননি। এ আন্দোলন-সংগ্রামে বিএনপি বিজয় অর্জন করেছে। আমাদের ভাতের অধিকার, গণতন্ত্রের অধিকার, মানুষের কথা বলার অধিকার এবং ভোটের অধিকারের সংগ্রাম চলবেই, যতদিন ভাত ও ভোটের অধিকার না ফিরবে।
তিনি আরও বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮, ২০২৪ সালে যে কয়টা নির্বাচন হয়েছে তার সবগুলোই ছিল ষড়যন্ত্রমূলক। চক্রান্তের মাধ্যমে বিএনপিকে হারিয়ে দিয়ে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। এসব নির্বাচনের কোনো জবাবদিহিতা নেই। তাই ৭ জানুয়ারির এক দলীয় নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে।
দ্বি-বার্ষিক সম্মেলনে শহর বিএনপির আহবায়ক এমদাদুল হক আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য রুহুল আমিন তালুকদার টগর, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, শহর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী প্রমুখ।
প্রতিনিধি/এমএইচটি




