চট্টগ্রামের আনোয়ারায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় কর্ণফুলী থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (৮ জুন) রাত ১১টার দিকে আনোয়ারার টানেল রোডের মুখে ভোজনবাড়ি রেস্টুরেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শুক্রবার (৭ জুন) বাজেটকে স্বাগত জানিয়ে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ অনুসারীদের মিছিল বের করে আনোয়ারায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নাসহ উভয় পক্ষের ২০ জন। সেই ঘটনায় শনিবার পুলিশ আসামি ধরতে গেলে এলাকাবাসী বাধা দেন।
ওসি জহির হোসেন জানান, শুক্রবার আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়। শনিবার রাতে টানেল রোডের মুখে ওই মামলার অন্যতম আসামি মোজাম্মেলের অবস্থান জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালায়। মোজাম্মেলকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় কয়েকশ লোকজন এসে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা লাঠিসোটা দিয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে। সেখান থেকে ফেরার পথে আনোয়ারার চাতুরি চৌমুহুনী এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে আবার তারা পুলিশের ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। হামলায় কর্ণফুলী থানায় ওসি ও আনোয়ারা থানার ৪ পুলিশ সদস্য আহত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টিবি




