সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

যশোরে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি, খুশি ক্রেতা

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ০১:৩৫ পিএম

শেয়ার করুন:

যশোরে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি, খুশি ক্রেতা

যশোরে পবিত্র রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করছে সামাজিক সচেতন সংস্থা সাসস। কম মূল্যে মাংস কিনতে পেরে খুশি ভোক্তারা।

বৃহস্পতিবার (২১ মার্চ ) সকাল ১০টা থেকে যশোর ডিবি কার্যালয়ের সামনে সুলভ মূল্যে এ গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু করে এ সামাজিক সংগঠনটি।


বিজ্ঞাপন


যশোরে ডিবি কার্যালয়ের দ্বিতীয় গেটে গিয়ে দেখা যায়, ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। একদিন আগেও বাজারে গরুর মাংস ৭৫০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হয়েছে। গরুর মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপক হারে বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের ওপর এক ধরনের চাপ তৈরি হয়েছে। এ চাপ খানিকটা কমানোর জন্য এমন উদ্যোগ নিয়েছে সামাজিক সচেতন সংস্থা সাসস।

এখানে কিছুটা দাম কম হওয়ায় ক্রেতারাও স্বতঃস্ফূর্তভাবে পরিবারের জন্য মাংস ক্রয় করছেন। আগের তুলনায় কেজিতে ১০০ টাকা কম দামে গরুর মাংস কিনতে পেরে খুশি ভোক্তারা। ভবিষ্যতেও এই দাম বহাল রাখার দাবি করেন তারা। একজন সর্বনিম্ন আড়াইশ গ্রাম থেকে সর্বোচ্চ ২ কেজি মাংস নিতে পারছেন এখান থেকে। এ ছাড়াও রমজান উপলক্ষে সাসসের উদ্যেগে প্রতিদিন সুলভ মূল্যে ডিম, লেবু, ডাব, বেগুন, শসাসহ বিভিন্ন সবজি কম দামে বিক্রয় হচ্ছে।

মাংস কিনতে আসা বেসরকারি চাকরিজীবী রোকোনুজ্জামান বলেন, বাজারে কেউ কিছু বলে না। এর আগে আমরা তো ৫০০ টাকায়ও গরুর মাংস খেয়েছি। এখানে বাজার থেকে ১০০ টাকা কম দামে কিনতে পেরে ভালো লাগছে। আমাদের যে বেতন তা দিয়ে গরুর মাংসের কথা চিন্তাও করতে পারি না।

অপর ক্রেতা ইজিবাইকের চালক মেহেদী হাসান রানা বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম কম দামে গরুর মাংস বিক্রি হচ্ছে তাই ১ কেজি কিনলাম। দেখে খুব ভালো লাগছে যে, গরুর মাংস কেজি প্রতি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্য জায়গায় কিনতে গেলে ৭৫০ টাকা লাগতো।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, এমন উদ্যোগে আমরা খুবই খুশি হয়েছি। বাজারের যে ঊর্ধ্বগতি তাতে গরুর মাংস কিনে খাওয়া আমাদের জন্য কঠিন হয়ে গেছে। এখানে আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই মাংস কিনতে পারছি।

এ বিষয়ে যশোর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) ও সাসস এর প্রতিষ্ঠাতা মফিজুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা শাখার ২ নম্বর গেটে রমজানের শুরু থেকে সাসস যশোর শাখার উদ্দ্যোগে একটি সুলভ মূল্যে বিক্রয়ের জন্য স্টল দিয়েছে। এতদিন ডিম-ডাবসহ কিছু জিনিস যেগুলো বাজারে বেশি দামে বিক্রি হয়, এই জিনিসগুলো এ সংগঠনটি সুলভ মূল্যে বিক্রি করেছে। আজকে তারা বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য ও মানুষকে উদ্বুদ্ধ করার জন্য গরুর মাংসও কম মূল্যে বিক্রি করছে। এটা খুবই মহৎ উদ্যোগ।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর