ডা. তাহসীন বাহার সূচনা একজন চিকিৎসক, মানবিক মানুষ, সমাজকর্মী এবং সুশিক্ষিত নারী। সদ্য অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। প্রথম নারী মেয়র পেয়ে খুশি কুমিল্লাবাসী।
শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরের কুমিল্লা জেলা স্কুল অডিটোরিয়ামে এই ফলাফল ঘোষণা করেন কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।
ডা. তাহসীন বাহার সূচনা কুমিল্লা মিশনারী স্কুল থেকে মাধ্যমিক, কুমিল্লা সরকারি মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাম করে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেন।
সূচনার স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। নিজ উদ্যোগে নিজ অর্থায়নে এই সংগঠন থেকে প্রতি বছর মেডিক্যাল ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প ছাড়াও করোনায় ২০ হাজারের বেশি অসহায় পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কাজে সহযোগিতা করেছেন। জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সূচনা তার বাবার উদ্যোগে নিজের প্রতিষ্ঠান থেকে এই কাজগুলো করেন। এ ছাড়া বড় কয়েকটি কাজ অনেকটা অগোচরেই করে গেছেন।
কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডের পাশাপাশি জেলার ১৭টি উপজেলায় জাগ্রত মানবিকতা কাজ করছে নিয়মিত। প্রতিনিয়ত তরুণ-তরুণীরা যুক্ত হচ্ছেন এ প্লাটফর্মে। শহরের আশ্রম, এতিমখানা, মাদরাসায় তাদের সহযোগিতা নিয়মিতই যায়। করোনাকালীন লকডাউনে মানুষ যখন ঘড় থেকে বের হতে পারেননি তখন অসহায়, গরীব, দুখী মানুষের জন্য তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। করোনা আক্রান্ত রোগীদেরকে দিয়েছেন অক্সিজেন সিলিন্ডার। লকডাউনের সময় নগরীর ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পনেরো দিনের খাবার দিয়েছেন। এছাড়া অক্সিজেন ব্যাংক ও প্লাজমা সহায়তা করেছেন শতাধিক মানুষকে। নারীদের জন্য ফ্রি অ্যাডভোকেসি ও সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে সেমিনারের মাধ্যমেও সাধারণ মানুষকে উৎসাহিত করেছেন ডা. সূচনা।
২০২০ সালে কুমিল্লা জেলার সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে জাগ্রত মানবিকতা’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনাকে জয়িতা সম্মাননা-২০২০ প্রদান করা হয়। তার মানবদরদী কাজের জন্য ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন কর্তৃক তাকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়।
এ ছাড়াও ডা. তাহসিন বাহার সূচনাকে তার কাজের অবদান ও অর্জনের স্বীকৃতি হিসেবে ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সনস (টিওওয়াইপি) অ্যাওয়ার্ড-২০২১, থাইল্যান্ডের ব্যাংককে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট আয়োজিত গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২২ পদক দেওয়া হয়।
জাগ্রত মানবিকতা ছাড়াও তিনি বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডের সদস্য, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় কুমিল্লা নগরবাসী প্রথম সুশিক্ষিত নারী মেয়র পেলেন। এতে খুশি কুমিল্লার সর্বস্তরের মানুষ।
কুমিল্লার বিশিষ্ট বুদ্ধিজিবী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি জহিরুল হক দুলাল বলেন, কুমিল্লা একটি প্রাচীন শহর। এ শহরের ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্য অনেক সাফল্যমন্ডিত। প্রাচীন এ পৌরসভা এবং সিটি করপোরেশনে আমরা এত বছরে কোনো নারী চেয়ারম্যান বা সিটি মেয়র পাইনি। ডা. তাহসিন বাহার সূচনা শিক্ষিত নারী। তিনি দীর্ঘ ২০ বছর ধরে জাগ্রত মানবিকতা সংগঠন দ্বারা মানুষের সেবায় নিয়োজিত আছেন। তিনি একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কুমিল্লা নগরবাসী প্রথম নগর নারী মেয়র পেয়ে খুব খুশি। তার সঙ্গে অন্যান্য প্রার্থীদের ভোটের ডিফারেন্স প্রমাণ করে দেয় তিনি কুমিল্লায় কতটা জনপ্রিয়।
সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি শাহ্ মো. আলমগীর খান বলেন, তাহসিন বাহার সূচনা একজন সমাজসেবী নারী। তাকে মেয়র হিসেবে পেয়ে আমরা কুমিল্লাবাসী গর্বিত।
বিশিষ্ট নারী নেত্রী দিলনাশি মোহসেন বলেন, ডা. তাহাসিন বাহার সূচনা একজন গুণী নারী। তার মতো এক নারী মেয়র পেয়ে খুশি কুমিল্লাবাসী।
প্রতিনিধি/টিবি




