রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঞ্চল্যকর দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা হত্যা মামলায় মো. শিহাব শেখ নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
শিহাব পাংশা উপজেলার বাগলী গ্রামের হেকমত আলী শেখের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিহাব পুলিশকে জানান, দুবাই প্রবাসী স্বামীর পরিকল্পনায় দুই লাখ টাকা চুক্তিতে তার স্ত্রী রোজিনা ওরফে আরজিনাকে হত্যা করা হয়েছে।
ওসি স্বপন কুমার মজুমদার জানান, পাংশা উপজেলার পাট্টা গ্রামের রোজিনা ওরফে আরজিনার স্বামী লিটন শেখ দুবাই প্রবাসী। রোজিনা তার ছেলে রাসেল শেখ (১২) এবং মেয়ে রাকাকে (৬) নিয়ে পাট্টা স্বামীর বাড়িতে বসবাস করতেন। রোজিনা ওরফে আরজিনা তার ছেলেকে নিয়ে গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টার সময় স্বামীর বসতঘরে ঘুমিয়ে পড়েন এবং মেয়ে দাদা-দাদির কাছে অন্য বাড়িতে ছিল। অজ্ঞাতনামা আসামিরা ওইদিন রাত ১০টার থেকে ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টার মধ্যে যে কোনো সময় পূর্ব পরিকল্পিতভাবে রোজিনাকে হত্যা করে ওসমান মোল্লার মালিকানাধীন বাঁশবাগানের দক্ষিণ পাশে আম গাছের নিচে ফেলে চলে যায়। এ ব্যাপারে রোজিনার বাবা কালুখালী উপজেলার কুমরীরাণী গ্রামের মো. আবজাল খাঁ অজ্ঞাতনামা আসামি দিয়ে গত ১০ ফেব্রুয়ারি পাংশা থানায় মামলা দায়ের করেন।
পরে রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকারের সার্বিক তত্ত্বাবধানে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে থানার এসআই দিপংকর কুণ্ডু সঙ্গীয় ফোর্সসহ গত শুক্রবার ভোরে পাংশা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তি ও গুপ্তচরের তথ্যের ভিত্তিতে মো. শিহাব শেখকে গ্রেফতার করেন।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে শিহাব। মূলত পাংশা উপজেলার পাট্টা গ্রামের কালাম শেখের ছেলে ও আরজিনার স্বামী দুবাই প্রবাসী লিটন শেখ পরকীয়ায় আসক্ত হয়ে স্ত্রী রোজিনা ওরফে আরজিনাকে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী দুই লাখ টাকা চুক্তিতে শিহাব ও তার সহযোগীরা গত ৮ ফেব্রুয়ারি রাত ১১টার সময় আরজিনাকে তার স্বামী ফোন করেছে বলে ঘরের বাইরে আসতে বলে ডেকে নিয়ে হত্যা করে।
প্রতিনিধি/টিবি




