রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় ৮ কোটি টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে পুলিশ। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
শনিবার রাতভর অভিযানে এসব হেরোইন জব্দ করা হয়। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার সাইফুর রহমান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ীর মাদারপুর ডিমভাঙ্গা মহল্লায় অভিযান পরিচালনা করে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। তবে ওই খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম ও কেয়ারটেকার সোহেল রানা পালিয়ে গেছে। তারা ভারত থেকে এ হেরোইন নিয়ে আসে। দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য বাজারের ব্যাগে বালুর স্তুপের মধ্যে মজুদ রেখেছিল।
এসপি বলেন, দালান টপকে পালিয়ে যায় তারা। ধাওয়া দিয়ে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। তারা চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়ায়। এ দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন এসপি সাইফুর রহমান।
প্রতিনিধি/একেবি




