বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

নওগাঁয় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৪, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
নওগাঁর পাঁচটি আসনের বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উপলক্ষে নওগাঁর পাঁচটি আসনের বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। এ জেলায় আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। 

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তারা ভোট গ্রহণে নিয়োজিত প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারের কাছে সরঞ্জামাদি বুঝিয়ে দেন। 

এখন পুলিশ ও আনসার ভিডিপির সদস্যদের প্রহরায় নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত কেন্দ্রে। তবে আগামীকাল সকালে কেন্দ্রগুলোতে পাঠানো হবে ব্যালট পেপার ও সিল।

এদিকে আজ সকালে পুলিশ লাইনে নির্বাচনের দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফ করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল। এ সময় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও বিশেষ নজরদারি করা হবে বলেও জানান পুলিশ সুপার।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা ‘ঢাকা মেইল’কে জানান- নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি। ভোটারদের ভোটকেন্দ্রে আসতে আমরা আহ্বান জানাচ্ছি। কেউ যাতে ভোটারদের ভয়-ভীতি দেখাতে না পারে এবং শান্তি বিনষ্ট করতে না পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে পরিকল্পনা করা হয়েছে। আজকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জামাদি। আগামীকাল সকালে ভোট গ্রহণের আগে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার ও সিল পাঠানো হবে।

তিনি আরও বলেন, কেন্দ্রেগুলোতে নাশকতা ঠেকাতে শুক্রবার রাত থেকেই অতিরিক্ত আনসার ও ভিডিপি সদস্যদের পাহারার ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিও মাঠে কাজ করছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তাদের টহল জোরদার করা হয়েছে। এছাড়াও যেকোন অপ্রিতিকর ঘটনা এড়াতে ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, জেলার ১১টি উপজেলায় ৬টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক গত ২৯ ডিসেম্বর মারা যাওয়ায় ওই আসনটিতে নির্বাচন বাতিল ঘোষণা করা হয়। বর্তমানে ৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৯ প্রার্থী।

এই ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার ১৫৯ জন। যেখানে ৬৫০টি কেন্দ্রে চার হাজার ১১১টি কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণের ব্যবস্থা করা হবে।

এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর