৭টি উপজেলা নিয়ে মানিকগঞ্জ জেলা। এখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন রয়েছে তিনটি। ঘিওর, দৌলতপুর, শিবালয় উপজেলা নিয়ে ১ আসন। সিংগাইর, হরিরামপুর ও সদরের তিনটি ইউনিয়ন নিয়ে ২ আসন এবং সদর ও সাটুরিয়া নিয়ে-৩ আসন। এই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২০ জন প্রার্থী। এর মধ্যে মানিকগঞ্জ ১ আসনে চারজন, মানিকগঞ্জ ২ আসনে ১০ জন এবং মানিকগঞ্জ ৩ আসনে ছয় জন প্রার্থী রয়েছে।
জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৬২ হাজার ৪৪৫ জন। তিনটি আসনের মোট ভোট কেন্দ্র রয়েছে ৫১৬টি। যার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র সংখ্যা ২৬৩টি।
বিজ্ঞাপন
জানা গেছে, অধিক গুরুত্বপূর্ণ এই কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে সকল প্রকাকের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মানিকগঞ্জ-১ আসনে ভোটারদের আলোচনা সমালোচনায় রয়েছে, জোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল আলম রুবেলের সঙ্গে, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সালাউদ্দিন মাহমুদের।
এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৯৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৪৯১ জন এবং নারী ভোটারের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৫০৪ জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা মাত্র ২ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৮০টি।
এই জেলায় নির্বাচনের সর্বোচ্চ আলোচনা-সমালোচনার ঝড় বইছে ২-আসনে, এখানে মোট ১০ জন প্রার্থী থাকলেও মূল আলোচনায় রয়েছে দু’বারের সংসদ সদস্য নৌকা প্রতীকের মমতাজ বেগম ও নিজ দলের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
বিজ্ঞাপন
প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিন পর্যন্ত একে অপরের বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই। হয়েছে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন। এই দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে মামলা হামলার ঘটনাও ঘটেছে।
এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৮৭৩ জন এবং নারী ২ লাখ ৩২ হাজার ১১৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছ মোট ৩ জন। এই আসনের মোট কেন্দ্র সংখ্যা ১৯৩টি।
মানিকগঞ্জ ৩-আসনে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই আসনে মোট ছয় জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে। তবে নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো প্রার্থী নেই।
জাহিদ মালেকের পরপরই নির্বাচনী মাঠে উদীয়মান সূর্য প্রতীকের গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম কামালের নাম রয়েছে ভোটারদের আলোচনা-সমালোচনায়।
এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৪৪ এবং নারী ১ লাখ ৭৯ হাজার ৯১৫ জন। এই আসনের মোট কেন্দ্র সংখ্যা ১৪৩টি।
জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান বলেন, এখনো পর্যন্ত মানিকগঞ্জের নির্বাচনী পরিবেশ খুবই শান্ত রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস




