বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৪, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় মেঘনা-গোমতী সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন- মোটরসাইকেল চালক সবুর হোসেন (৪৩)। তিনি ঢাকার কেরানীগঞ্জ এলাকার চরকুতুব উত্তর গ্রামের জিন্নাত হোসেন ছেলে বলে জানিয়েছে পুলিশ তবে অপরজন অজ্ঞাত পুরুষ (৬৫)। পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলযোগে ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন দু’জন। এ সময় পথিমধ্যে মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশে আসলে দ্রুত গতির অজ্ঞাত এক গাড়ি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সবুর নিহত হয়। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম পরিচয় পাওয়া যায়।

অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর আহত অপরজনকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশে মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। নিহত সবুরের লাশ গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এবং অপরজনের মরদেহ দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে আছে।


বিজ্ঞাপন


অন্যদিকে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খাঁন বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ, তবে এখনও মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর