গাজীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি আলম আহমেদকে ইঙ্গিত করে বোনের নির্বাচনী প্রচারণায় গিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, রাজনীতিতে আসছেন ঋণ খেলাপি করে,অসৎ উপায়ে টাকা উপার্জন করতে। এটা দেশের জন্য বড় অশনি সংকেত।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে কাপাসিয়ার টোকে বোনের প্রচারণায় গিয়ে সাংবাদিকদের এমন মন্তব্য করেছেন বঙ্গতাজ পুত্র সোহেল তাজ।
তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণ, রাজনীতি কখনও হতে পারে না নিজেকে অর্থশালী করা। এর আগে টোক সরযূবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বোন সিমিন হোসেন রিমির নির্বাচনী পথসভায় যোগ দেন তিনি। এ সময় নৌকায় ভোট প্রার্থনা করে বক্তব্য দেন তিনি।
গাজীপুর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বঙ্গতাজ-কন্যা সিমিন হোসেন রিমির সঙ্গে নির্বাচনী মাঠে লড়ছেন ঈগল প্রতীকের প্রার্থী শিল্পপতি আলম আহমেদ। এছাড়া জাতীয় পার্টি,কৃষক শ্রমিক জনতা লীগ,বাংলাদেশ কংগ্রেসের রয়েছে আর ৫ জন প্রার্থী। এখানে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জন।
প্রতিনিধি/একেবি




