লক্ষ্মীপুর সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। নিঃস্ব দোকানিরা এখন দিশেহারা।
বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার লাহারকান্দি ইউনিয়নের (৯ নম্বর ওয়ার্ড) তুলা তলি (খাজুর গাছ) তলা নামক স্থানে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
ক্ষতিগ্রস্ত দোকানঘরগুলো হচ্ছে— নব তরুণ পাঠাগার, মামুন কনফেকশনারী, ছোটনের মুদি দোকান, জহিরের চা-দোকান, ৩টি গোডাউন ও নব তরুণ পাঠাগারসহ মোট ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
দোকানঘরের মালিক মো. শাহজালাল ভূঁইয়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্র হতে পারে। আগুনে আমার দোকান পুড়ে শেষ হয়ে গেছে। আমি এখন পথে বসে গেছি।
ফায়ার ফাইটার মাহবুবুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৭টি দোকানঘর পুড়ে ছাই। দোকানিদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতি বিষয় জানা যাবে।
বিজ্ঞাপন
টিবি

