গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে আমির হামজা নামে এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার মৌচাক এলাকার নিজের বসত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আমির হামজা কালিয়াকৈর উপজেলার কলাবাধা গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টার মধ্যে যে কোনো সময় উপজেলার কলাবাধা গ্রামের নিজ বসত ঘরে আমির হামজাকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, নেশাগ্রস্ত ও গানবাজনার সঙ্গে জড়িত থাকায় আমির হামজার স্ত্রী সন্তানদের নিয়ে টাঙ্গাইলে থাকেন। এ কারণে নিজ ঘরে একা ঘুমাতেন আমির হামজা। কী কারণে কারা তাকে হত্যা করেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিবি




