‘আমরা সরকারের শত্রু নয়, বন্ধুও নয়। সরকারের কাজ সরকার করুক, আমাদের কাজ আমরা করব। তবে নাস্তিক্যবাদী শক্তি যদি মাথাচাড়া দেয়, কোরআন, আল্লাহ, রাসুল (সা.), উম্মাহাতুল মুমিনিনের শানে কটূক্তি ও ঘৃণা প্রচার করে এবং ইসলাম বিদ্বেষ ছড়ায়, আর এতে সরকার যদি কোনো অ্যাকশন না নেয়, তাহলে ঈমানের তাগিদে আমরা তার প্রতিবাদ করব এবং প্রয়োজনে সাংবিধানিক ও নাগরিক অধিকার নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হবো।’
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া ইসলামিয়া আজিজুল উলুম (বাবুনগর) মাদরাসায় হেফাজত ইসলামের নবগঠিত কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন জামেয়া ইসলামিয়া আজিজুল উলুম (বাবুনগর) মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী।
তিনি বলেন, আমাদের কাজ সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক-অরাজনৈতিক সকল নাগরিকদের কাছে দ্বীনের সহীহ দাওয়াত পৌঁছানো। এটিই আমাদের মূল দায়িত্ব। মতপ্রকাশের স্বাধীনতার নামে ধর্ম অবমাননা ও কটূক্তির সব প্রয়াস বন্ধ করে দেয়ার জন্য আমাদের প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। হেফাজত তার সুনির্দিষ্ট রূপরেখা, ১৩ দফা দাবি, সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে আদায়ের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল নয়, জাতীয় ও আঞ্চলিক নির্বাচনে আমাদের কোনো প্রার্থিতা নেই, প্রপাগান্ডাও নেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা নেই। আমরা বারবার বলেছি, এখনও বলছি, কাউকে ক্ষমতায় বসানো বা ক্ষমতা থেকে নামানো আমাদের এজেন্ডা নয়। হেফাজতের ব্যানারে কোনো রাজনৈতিক কর্মকান্ড করার সুযোগও নেই।
তিনি বলেন, এদেশে মুসলমানদের ঈমান-আকিদা ও ইসলামী তাহজীব-তমদ্দুন রক্ষার উদ্দেশ্যে এই সংগঠনটি গঠিত হয়। আমরা শুধু কর্মী শিক্ষা, সংস্কৃতি ও তাহজিবের বিকাশ এবং নাস্তিক্যবাদের প্রতিরোধে কাজ করে যাবো। ক্ষমতাকেন্দ্রিক কোনো ধরনের নৈতিক উচ্চাভিলাষ এই সংগঠনের নেই। যা আগেও বহুবার আমরা পরিষ্কার করে বলেছি।
সকাল ৯টা থেকে ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় বিভিন্ন গাড়িতে আসতে শুরু করে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতারা। প্রথমে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমেদ কাসেমী, সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, নানুপুর ওবাইদিয়া মাদরাসার মহাপরিচালক সালাহ উদ্দিন নানুপুরী, মাওলানা মীর ইদ্রিস নদভী, মুফতি জসিম উদ্দিন, মুফতি হারুন ইজহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা জাকারিয়া নোমান ফয়জিসহ একে একে সবাই গাড়ি করে মাদরাসায় প্রবেশ করেন।
পরে ১০টায় বাবুনগরী মাদরাসার শিক্ষা ভবনে সংগঠনের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সঞ্চালনায় পরিচিতি সভা শুরু হয়ে যা চলে দুপুর দেড়টা পর্যন্ত।
বৈঠক শেষে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আইয়ুব বাবুনগরী সাংবাদিকদের জানান, মুলত আজকের বৈঠকটি ছিল আমাদের পরিচিত সভা। সভায় বেশ কয়েকটি গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। এর মধ্যে হেফাজতে ইসলামের কারাবন্দি নেতা-কর্মীসহ আলেমদের মুক্তি দাবি, তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার জন্য বৈঠকে জোর দেওয়া হয়।




