গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার নির্মাণাধীন সেপটিক টাংকি পরিস্কার করতে গিয়ে মাহাবুব ও শাহিন নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক শ্রমিক।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন—কুড়িগ্রামের বদরগঞ্জ উপজেলার মোস্তাকপুর গ্রামের আবদুর রশিদের ছেলে শাহিন আলম (২৭) , একই জেলার রাজার হাট উপজেলার নাজিম খান গ্রামের মাহবুব রহমান (৩২)। আহত ব্যক্তি হলেন মহসিন মিয়া (৩৫)। তারা সবাই সফিপুর এলাকায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে শামসুল আলমের ছয়তলা ভবনের নির্মানাধীন সেফটি ট্যাংকির সেন্টারিং বাঁশ খুলতে যান নির্মাণ শ্রমিকরা। প্রথমে একজন ভেতরে নেমে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ওই শ্রমিককে বাঁচাতে গেলে অপরজন জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আরও একজন শ্রমিক বাসা থেকে গেলে তিনিও অজ্ঞান হয়ে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় মহসিনকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেসা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নির্মাণাধীন টাংকির বাঁশ খুলতে গিয়ে তিন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। ঘটনার পর দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, সেপটিক টাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
প্রতিনিধি/এইচই




