ঢাকার ধামরাইয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-৩ (পবিস) এর কুশুরা জোনাল অফিসের আওতাধীন এলাকা থেকে গত ১ বছরে প্রায় ৫৮টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির তথ্য পাওয়া গেছে। সেই হিসেবে প্রতি মাসে প্রায় ৫টি করে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। আত এতে গ্রাহকেরা বারবার টাকা খরচ করে নতুন ট্রান্সফরমার কিনতে গিয়ে লাখ লাখ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। পবিসেরও লোকসান হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। এসব ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি মামলা করলেও আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাদের দাবি কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এই উপজেলায় প্রায়ই ঘটছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা। এতে গ্রাহককেই দিতে হয় ভর্তুকি।
পবিস কুশুরা জোনাল কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের মে মাস থেকে চলতি বছরের ২০ জুন পর্যন্ত কুশরা জোনাল অফিসের আওতাধীন এলাকাগুলো থেকে ৪০ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা। এই ট্রান্সফরমারগুলোতে তামাজাতীয় মূল্যবান কয়েল থাকায় প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে ট্রান্সফরমার চোর চক্র। এসকল ঘটনায় বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত এসকল চুরির সঙ্গে জড়িত কাউকে আইনের আওতায় আনতে ও চুরি যাওয়া ট্রান্সফরমার উদ্ধার করতে পারেনি পুলিশ।
সর্বশেষ গত ২২ জুন রাতে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে একই ট্রান্সফরমার দ্বিতীয়বারের মতো চুরির ঘটনা ঘটেছে। এভাবে প্রতিনিয়ত চোর চক্র রাতের আঁধারে গ্রাম থেকে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাচ্ছে। গ্রাহকদের এতে ক্ষতি হলেও চোর চক্রকে আইনের আওতায় এনে শাস্তি দিতে না পারায় চুরি বৃদ্ধি পাচ্ছে অভিমত তাদের।
পবিসের নিয়ম অনুযায়ী, প্রথমবার চুরি হওয়ার স্থানে নতুন করে ট্রান্সফরমার স্থাপনে গ্রাহকদের অর্ধেক মূল্য পরিশোধ করতে হয়। এরপরের বার চুরি হলে নতুন ট্রান্সফরমার আনতে গেলে গুনতে হয় পুরো টাকার জরিমানা। ফলে ওইসব এলাকায় গ্রাহকদের চাঁদা তুলে নতুন ট্রান্সফরমার কিনতে হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন খেলার মাঠের পাশের সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমারটিকে পল্লী বিদ্যুতের সহায়তায় সেই খুঁটির সঙ্গে লোহার শেকল দিয়ে পেঁচিয়ে তালা মেরে রাখা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গতবছর এই স্থানের টান্সফরমারটি অকেজো হয়ে গেলে এই ট্রান্সফরমারের আওতায় ৮৫টি বৈদ্যুতিক মিটারের প্রতি গ্রাহক ৫০০ টাকা জরিমানা দিয়ে নতুন ট্রান্সফরমার আনেন। চলতি বছরের শুরুর দিকে ট্রান্সফরমারটি চুরি হয়ে গেলে ৮৫ জন গ্রাহককে জনপ্রতি বিদ্যুৎ বিলের সঙ্গে বাড়তি ১ হাজার ১০০ করে টাকা পরিশোধ করে আবারো নতুন ট্রান্সফরমার আনতে হয়। সর্বশেষ গত ২২ জুন রাতে ট্রান্সফরমারটি আবারও চুরি হয়ে গেলে ওই গ্রাহকেরা জনপ্রতি ২ হাজার ২০০ টাকা জমা দিয়ে ট্রান্সফরমার স্থাপন করেন।
ওই এলাকার রাবেয়া বেগম নামে এক নারী ঢাকা মেইলকে বলেন, প্রতি বছরই খুঁটি থেইকা ট্রান্সমিটার চুরি যায়। এই লইয়া তিনবার জরিমানা দিলাম। আমরা তো বাবা গরিব মানুষ। আমগো লেইগা এই টেকাই ম্যালা টেকা। শেষবার ঈদের আগে আগে হঠাৎ কইরা ২২০০ টেকা জরিমানা দেওন লাগলো ।এর লেইগা ঈদের দিনকা কিচ্ছু ভালোমন্দও খাইবার পারি নাই।
ওমর খান নামে আরেকজন গ্রাহক বলেন, এ নিয়ে পরপর দুইবারসহ ট্রান্সফরমার চুরি হলো। তাই বাধ্য হয়ে ট্রান্সফরমার শিকল-তালা দিয়ে রেখেছি এবং পাহারাও দিচ্ছি। একটি ট্রান্সফরমারের ওজন সাড়ে ৮মণ। কোনো অভিজ্ঞ লোক ছাড়া এটা কেও চুরি করে নিয়ে যেতে পারার কথা না। আমাদের ধারণা, এর সঙ্গে পল্লিবিদ্যুতের কারো সংশ্লষ্টতা থাকিতে পারে। সাধারণ চোর হলে তো শক খেয়ে মারা পরবে।
পল্লী বিদ্যুৎ সমিতির-৩ এর কুশুরা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জসিম উদ্দিন ঢাকা মেইলকে বলেন, চুরি রোধ করতে হলে পুলিশ, স্থানীয় চেয়ারম্যান মেম্বারসহ স্থানীয় সকলকেই এব্যাপারে সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। শুধু আমাদের একার পক্ষে চুরি থামানো সম্ভব নয়। আমরা সকলকে সচেতন করতে ধর্মীয় উপাসনালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এব্যাপারে আহবান জানিয়েছি। পল্লী বিদ্যুতের কেউ জড়িত সুনির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে কেউ অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে পুলিশ বলছে, ট্রান্সফরমার চুরি রোধে পল্লী বিদ্যুত সমিতিকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ট্রান্সফরমার স্থাপনের ক্ষেত্রে লোকজনের যাতায়াত রয়েছে বা বসতি রয়েছে এমন জায়গায় স্থাপন করতে হবে। ট্রান্সফরমারকে কিভাবে রক্ষা করা যায় সেব্যাপারে বিশেষজ্ঞদের মতামতের ওপর ভিত্তি করে নতুন করে পদক্ষেপ নিতে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ ঢাকা মেইলকে বলেন, আমি সম্প্রতি এই থানায় যোগদান করেছি। ইতোম্যধ্যেই কয়েক লাখ টাকার বৈদ্যুতিক তারসহ চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় ও উদ্ধারে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। তবে ট্রান্সফরমার চুরির ঘটনা সারা দেশেই হচ্ছে। এগুলোকে কিভাবে রক্ষা করা যায়, সে ব্যাপারে আমাদের সকলকে নতুন করে ভেবে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে ট্রান্সফরমার স্থাপনের সময় ক্ষেত্রে লোকজনের যাতায়াত রয়েছে বা বসতি রয়েছে এমন জায়গায় স্থাপনের ব্যবস্থা নিতে হবে।
টিবি




