রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত একদিনে ১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তি করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। তিনি পুরুষ এবং বয়সে ষাটোর্ধ ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে (বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত) ১০৪ শয্যা বিশিষ্ট হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি রয়েছেন ৫৫ জন। এদের মধ্যে রাজশাহীর ৩২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁ ৮ জন, নাটোরের ৭ জন, পাবনার ১ জন, কুষ্টিয়ার ১ জন ও চুয়াডাঙ্গার১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গতকাল ৫৮ জন ভর্তি রোগী চিকিৎসাধীন ছিলেন।
বর্তমানে চিকিৎসাধীনদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪০ জনের শরীরে। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। এছাড়াও করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে ২ জনের শরীরে।
২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৬ জন। এদিন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭ জন রোগী।
এছাড়াও বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৩ জনের করোনার নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়েছে ২৬ জনের শরীরে। একই সময়ে রামেক ল্যাবে ২০৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়েছে ২৩ জনের শরীরে।
এদিন রাজশাহীর দুইটি ল্যাবে মোট ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪৯ জনের শরীরে। এদিন পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৬০ শতাংশে। একদিন আগেও যেই সংখ্যা ছিল ২২ দশমিক ২২ শতাংশ।
এএ




