বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

মধ্যপ্রাচ্যে সংঘাত: ঢাকা থেকে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৯:৩৭ এএম

শেয়ার করুন:

মধ্যপ্রাচ্যে সংঘাত: ঢাকা থেকে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ১১ দিনে ৩৯১টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে এয়ারলাইন্সগুলো। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এর ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ১১ দিনে ৩৯১টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে এয়ারলাইন্সগুলো।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১১ মার্চ পর্যন্ত এই ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে। এর মধ্যে গতকাল মধ্যরাতের পর থেকে ২৪টি ফ্লাইট বাতিল করা হয়। বাতিল এসব ফ্লাইটের মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি ও ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট ছিল।


বিজ্ঞাপন


সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি ও ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়। সব মিলিয়ে এই ১১ দিনে বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়ায় ৩৯১টিতে।

তবে আকাশসীমা পুরোপুরি বন্ধ না থাকায় কিছু ফ্লাইট সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ৩৬৪টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পনায় ছিল। এর মধ্যে শুধু গতকাল মাস্কাটগামী ৮টি, সৌদি আরবগামী ১৯টি ও সংযুক্ত আরব আমিরাতগামী ১২টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ছিল। আমিরাতগামী ফ্লাইটগুলোর মধ্যে দুবাইয়ে ৫টি, আবুধাবিতে ১টি ও শারজাহয় ৬টি ফ্লাইট রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে বিমানবন্দর সংশ্লিষ্টরা মনে করছেন। এ অবস্থায় যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর