টিকিটে নির্দিষ্ট আসন নম্বর উল্লেখ করা আছে, বিমানে না উঠে যাওয়ার কোনো সুযোগ নেই—তা সত্ত্বেও বিমানে ওঠার ঘোষণা আসা মাত্রই গেটের সামনে তৈরি হয় দীর্ঘ লাইন। এমনকি নিজের সিরিয়াল না এলেও যাত্রীরা প্রস্থান ৯ (এক্সিট) গেটের চারপাশে ভিড় করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রবণতাকে নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক, আর আন্তর্জাতিক মহলে এই ধরনের যাত্রীদের বিশেষ এক নামে ডাকা হচ্ছে—‘গেট লাইস’ (Gate Lice) বা ‘গেটের উকুন’।
সম্প্রতি বিমানবন্দরের কর্মীদের কাজ ব্যাহত করা এবং অন্যান্য যাত্রীদের বিরক্তির কারণ হওয়া এই বিষয়টি নিয়ে এভিয়েশন বিশেষজ্ঞদের মধ্যে নানা বিশ্লেষণ শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, নির্দিষ্ট আসন থাকা সত্ত্বেও যাত্রীরা কেন এত অধৈর্য?
বিজ্ঞাপন

কেন এই হুলস্থুল? বিশেষজ্ঞের ব্যাখ্যা
ভ্রমণ সংস্থা ফ্ল্যাশ প্যাক-এর সহ-প্রতিষ্ঠাতা লি থম্পসনের মতে, এই প্রবণতার পেছনে রয়েছে এক ধরনের মানসিক অস্থিরতা এবং ভয়। তিনি একে বলছেন ‘লাগেজ হারানোর ভয়’ (FOMO - Fear of Missing Out)। যাত্রীরা মূলত তাদের কেবিন লাগেজ বা হ্যান্ডব্যাগটি নিজের মাথার ওপরের মালপত্র রাখার স্থানে (Overhead bin) রাখতে পারবেন কি না, তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। কারণ দেরিতে বিমানে উঠলে অনেক সময় ওই জায়গা ফুরিয়ে যায়, যার ফলে মূল্যবান লাগেজটি দূরে বা কার্গোতে পাঠিয়ে দিতে হয়।
আরও পড়ুন: বিমানে উইন্ডো সিট বুকিংয়েও মিলছে না জানালার দেখা, নেপথ্যে বড় কারণ
বিজ্ঞাপন
নিয়ন্ত্রণ ও ‘মানসিক প্রশান্তি’
লি থম্পসন আরও জানান, লাইনে আগে দাঁড়ানো অনেক যাত্রীকে এক ধরনের ‘শান্তি’ বা পরিস্থিতির ওপর নিজের নিয়ন্ত্রণের অনুভূতি দেয়। বিশেষ করে বাজেট এয়ারলাইন্সগুলোতে কেবিন স্পেস সীমিত থাকায় যাত্রীরা নিজেদের অধিকার রক্ষা করতেই এই হুড়াহুড়িতে শামিল হন।

প্রযুক্তি দিয়ে বিশৃঙ্খলা রোধ
যাত্রীদের এই অনাকাঙ্ক্ষিত ভিড় কমাতে আন্তর্জাতিক অনেক এয়ারলাইন্স কড়া পদক্ষেপ নিচ্ছে। আমেরিকান এয়ারলাইন্স এমন এক প্রযুক্তি চালু করেছে যেখানে নির্ধারিত সময়ের আগে বোর্ডিং পাস স্ক্যান করলে সিস্টেমে সতর্কতা বার্তা বেজে ওঠে। ফলে কর্মীরা সহজেই নিয়ম ভঙ্গকারী যাত্রীদের লাইনের বাইরে পাঠিয়ে দিতে পারেন।

সমাধান
আমাদের দেশের এভিয়েশন সেক্টরেও এই দৃশ্য বেশ পরিচিত। বিশেষ করে অভ্যন্তরীণ রুটে ছোট বিমানে ওভারহেড বিনে জায়গা নিয়ে যাত্রীদের প্রায়ই বিতর্কে জড়াতে দেখা যায়। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, এই বিশৃঙ্খলা এড়াতে চাকাওয়ালা বড় স্যুটকেসের বদলে সিটের নিচে রাখা যায় এমন নরম ব্যাগ ব্যবহার করা ভালো। এতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে নিজের সিরিয়াল আসার আগ পর্যন্ত বসে বিশ্রাম নিতে পারেন।

বিমানে নামার সময়ও একই চিত্র দেখা যায়—বিমান পুরোপুরি থামার আগেই বেল্ট খুলে লাগেজ নামানোর প্রতিযোগিতায় নামেন অনেকে। এভিয়েশন লেখকদের মতে, এই অপ্রয়োজনীয় তাড়াহুড়ো কেবল বিশৃঙ্খলাই তৈরি করে না, বরং বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে দেয়।
এজেড

