মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট বিলম্বের কারণ জানাল বেবিচক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ১২:৪০ পিএম

শেয়ার করুন:

মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট বিলম্বের কারণ জানাল বেবিচক

সম্প্রতি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় বাংলাদেশের বিভিন্ন ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারছে না। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক জানায়, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন এবং কাতার সাময়িকভাবে তাদের আকাশপথ ব্যবহার সীমিত বা বন্ধ রেখেছে। এর প্রভাব পড়েছে ঢাকা থেকে পরিচালিত মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোতে।


বিজ্ঞাপন


বিশেষ করে শারজাহ, আবুধাবি, দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েত রুটের যাত্রীবাহী ফ্লাইটগুলোকে নির্ধারিত সময়ের বাইরে বিকল্প রুটে যাত্রা করতে হয়েছে। ফলে অনেক ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, গেল কয়েক দিনে নিম্নোক্ত ফ্লাইটগুলো নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি— শারজাহ রুটে এয়ার এরাবিয়ার ২টি ফ্লাইট; ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহগামী ১টি ফ্লাইট; দুবাই রুটে এমিরেটস এয়ারলাইন্সের ১টি ফ্লাইট; কুয়েতগামী ইউএস-বাংলার ১টি ফ্লাইট; কুয়েতের জাজিরা এয়ারওয়েজের ২টি ফ্লাইট; দোহাগামী কাতার এয়ারওয়েজের ২টি ফ্লাইট; বাংলাদেশ বিমানের ১টি ফ্লাইট এবং দোহা রুটে ইউএস-বাংলার আরও ১টি ফ্লাইট।

প্রতিটি ফ্লাইটই পরবর্তীতে পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

এই অবস্থায় যাত্রীদের ভ্রমণ-সংশ্লিষ্ট হালনাগাদ তথ্য জানতে নিজ নিজ এয়ারলাইন্সের অফিস অথবা হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বেবিচক।


বিজ্ঞাপন


তারা আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে পরিচালিত ফ্লাইটগুলো এখন পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় শিডিউলে পরিবর্তন হতে পারে।

বেবিচক বলেছে, যাত্রীদের এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। একইসঙ্গে সবাইকে অনুরোধ করছি, ভ্রমণের আগে নির্ভরযোগ্য উৎস থেকে ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য সংগ্রহ করতে।

এছাড়া বর্তমান বৈশ্বিক অস্থিরতা বিবেচনায় বিমান চলাচলে সাময়িক এ ধরনের বিঘ্ন স্বাভাবিক বলেই মনে করছে সংস্থাটি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ফ্লাইট চলাচল আগের নিয়মেই ফিরবে বলে আশা প্রকাশ করেছে বেবিচক।

এমআইকে/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর