যাত্রা শুরু হলো এয়ারলাইন্স জিএসএ ফোরাম অব বাংলাদেশ নামে নতুন একটি সংগঠনের। রোববার (২৫ মে) রাতে ঢাকায় শেরাটন হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিদেশি এয়ারলাইন্সগুলোর স্থানীয় বিক্রয় প্রতিনিধি জেনারেল সেলস এজেন্টদের সংগঠনটির লোগো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর করীর ভূঁইয়া।
বিজ্ঞাপন
বাংলাদেশে বর্তমানে ৭০টিরও বেশি বিদেশি এয়ারলাইন্স তাদের জিএসএ’র মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। প্রাথমিকভাবে ফোরামের সদস্য হয়েছেন ২৮টি জিএসএ কোম্পানি যারা ৫০টির বেশি বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিত্ব করছে। ফোরামের উদ্যোক্তারা আশা করছেন বাকি জিএসএ কোম্পানিরাও দ্রুত সদস্যপদ গ্রহণ করবেন।
স্বাগত বক্তব্যে জিএসএ ফোরামের আহ্বায়ক আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সসমূহকে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে উৎসাহী ও উদ্যোগী হবার জন্য জিএসএ প্রতিষ্ঠানগুলোর অগ্রণী ও নিবিড় ভূমিকা রয়েছে। বাংলাদেশের এভিয়েশন খাতকে এগিয়ে নিতে এবং বাংলাদেশকে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সিভিল এভিয়েশন অথরিটি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের এই উদ্যোগকে সফল করতে এই ফোরাম সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।
এভিয়েশন খাত নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিএএস গ্রুপের পরিচালক মুজাক্কের হক।
উপস্থাপিত প্রবন্ধের তথ্য অনুযায়ী, এয়ারলাইন্সসমূহ বাংলাদেশ থেকে ৩০টি আন্তর্জাতিক গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বছরে কমপক্ষে ১ কোটি ২০ লাখ যাত্রীকে বিমান সেবা দিচ্ছে এবং কমপক্ষে আড়াই লাখ টন কার্গো পরিবহন করছে। বিমান পরিষেবা ব্যাবসার সাথে ছোট বড় প্রায় ৫ হাজার উদ্যোক্তা জড়িত এবং এই খাতে কর্মসংস্থান হয়েছে প্রায় সোয়া লাখ মানুষের।
বিজ্ঞাপন
দেশি ও বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিরা জিএসএ ফোরাম প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন।
এসময় এয়ারলাইন্স জিএসএ ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদ ইউসুফ ফারাজী, আরিফ রহমান, মোহাম্মদ হাবিব উল্লাহ ডন, সোহাগ হোসেন, এম এ লতিফ শাহরিয়ার জাহেদী, মিজানুর রহমান, মুজাক্কের হক, মাহবুবুল আনাম, রাজীবুল হক চৌধুরী, শাদাত হোসেন, ইয়ামি এম সালেহ, আহমেদ ইউসুফ ওয়ালিদ, তৌফিক উদ্দিন আহমেদ প্রমুখ।
এমআইকে/এফএ




