ভারতের বাজারে জনপ্রিয় ফ্যামিলি স্কুটার টিভিএস জুপিটারের স্পেশাল এডিশন বা বিশেষ সংস্করণ বন্ধ করে দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান টিভিএস মোটর কোম্পানি। বিশেষ কালো রঙ এবং ব্রোঞ্জ ফিনিশের ব্যাজিংয়ের কারণে স্কুটারটির এই সংস্করণটি সাধারণ জুপিটারের তুলনায় আলাদা পরিচিতি পেয়েছিল।
যারা সাধারণ নকশার বাইরে একটু প্রিমিয়াম লুকের স্কুটার পছন্দ করেন, তাদের কাছে এটি বেশ আকর্ষণীয় ছিল। তবে এবার ভারতের বাজার থেকে এই বিশেষ সংস্করণটি সরিয়ে নেওয়া হয়েছে। ফলে জুপিটারের সংস্করণের তালিকায় পরিবর্তন এলেও ইঞ্জিন, পারফরম্যান্স ও অন্যান্য ফিচারে কোনো পরিবর্তন আসেনি।
টিভিএস জুপিটার স্পেশাল এডিশনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর বিশেষ বাইরের নকশা। স্কুটারটিতে পরিমিত কালো রঙের শেড ব্যবহার করা হয়েছিল এবং বডির বিভিন্ন অংশে থাকা টিভিএসের লোগো ও ব্যাজিংয়ে ব্রোঞ্জ ফিনিশ দেওয়া হয়েছিল। এই রঙের সমন্বয় স্কুটারটিকে সাধারণ জুপিটারের অন্যান্য রঙের বিকল্পের তুলনায় আরও প্রিমিয়াম চেহারা দিয়েছিল।
বিশেষ করে কালো বডির সঙ্গে ব্রোঞ্জ রঙের লোগো ও ব্যাজিংয়ের সংমিশ্রণ স্কুটারটির নকশায় আলাদা মাত্রা যোগ করেছিল। তবে এটি মূলত বাহ্যিক বা কসমেটিক আপডেট ছিল। ইঞ্জিন, পারফরম্যান্স কিংবা প্রযুক্তিগত ফিচারের দিক থেকে বিশেষ সংস্করণের সঙ্গে সাধারণ সংস্করণগুলোর কোনো বড় পার্থক্য ছিল না।
টিভিএস জুপিটার স্পেশাল এডিশনে ১১৩ দশমিক ৩ সিসির একক সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। এই ইঞ্জিন সর্বোচ্চ ৮ দশমিক ২ পিএস শক্তি এবং ৯ দশমিক ৮ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে সিভিটি গিয়ারবক্স যুক্ত ছিল, যা শহরের যানজটে সহজে স্কুটার চালানোর সুবিধা দেয়।
ফিচারের তালিকায় ছিল ডিজিটাল ডিসপ্লে, ব্লুটুথ সংযোগ, কল ও এসএমএস সতর্কতা এবং টার্ন বাই টার্ন নেভিগেশন। ফলে দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি স্মার্টফোনের সঙ্গে সংযোগ রেখে প্রয়োজনীয় তথ্য দেখার সুবিধাও পাওয়া যেত।
বিশেষ সংস্করণ বন্ধ হওয়ার পর ভারতে টিভিএস জুপিটার এখন মোট পাঁচটি সংস্করণে পাওয়া যাচ্ছে। স্কুটারটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৭৪ হাজার ৭০০ রুপি থেকে এবং সর্বোচ্চ দাম ৯০ হাজার ৫২৫ রুপি, যা দিল্লির বাজারের জন্য প্রযোজ্য।

অর্থাৎ, বিশেষ সংস্করণ বাদ যাওয়ায় ক্রেতাদের সামনে এখন আগের তুলনায় একটি রং ও নকশার বিকল্প কমে গেল। তবে সাধারণ সংস্করণগুলোতে ইঞ্জিন ও প্রয়োজনীয় ফিচারের সুবিধা আগের মতোই থাকছে।
টিভিএস নিয়মিত তাদের দুই চাকার গাড়ির জন্য বিশেষ সংস্করণ বাজারে নিয়ে আসে। সম্প্রতি এক মিলিয়ন ইউনিট বিক্রির মাইলফলক উদযাপন করতে টিভিএস আইকিউব মিলিয়নআর স্পেশাল এডিশন বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি।
তাই ভবিষ্যতে জুপিটারের জন্যও নতুন কোনো বিশেষ সংস্করণ আসবে কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে। যদিও প্রতিষ্ঠানটি এখনো নতুন কোনো সংস্করণের বিষয়ে নিশ্চিত তথ্য জানায়নি।
আরও পড়ুন: বিক্রি তলানিতে নামায় টিভিএসের এই মোটরসাইকেলের উৎপাদন বন্ধ
যারা টিভিএস জুপিটার স্পেশাল এডিশন কেনার পরিকল্পনা করছিলেন, তারা কাছের টিভিএস ডিলারের সঙ্গে যোগাযোগ করে অবিক্রীত স্টকের খোঁজ নিতে পারেন। কোনো ডিলারের কাছে পুরোনো স্টক থাকলে সেটি কেনার সুযোগ পাওয়া যেতে পারে।
তবে বিশেষ সংস্করণ না পেলেও ফিচার বা পারফরম্যান্সের দিক থেকে ক্রেতাদের বিশেষ কিছু হারানোর আশঙ্কা নেই, কারণ এর পরিবর্তন মূলত বাইরের নকশা ও রঙের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বিকল্প হিসেবে টিভিএস জুপিটার ডিস্ক এসএক্সসি সংস্করণ বিবেচনা করা যেতে পারে। যাঁরা বিশেষ রঙের স্কিমের চেয়ে ব্যবহারিক সুবিধা ও ফিচারকে বেশি গুরুত্ব দেন, তাঁদের জন্য এটি একটি যুক্তিসঙ্গত বিকল্প হতে পারে।
এজেড




