২০০ থেকে ২৫০ সিসি মোটরসাইকেলের বাজারে চাহিদা দ্রুত বাড়ছে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে নতুন ক্রেতা টানতে চাইছে রয়্যাল এনফিল্ড। সম্ভাব্য এই ২৫০ সিসি মডেলের বাইকটি বাজারে এলে তা হতে পারে সংস্থাটির সবচেয়ে কম দামের মোটরসাইকেল। তবে নতুন বাইকের নাম, নকশা, চূড়ান্ত দাম, ইঞ্জিনের ক্ষমতা এবং কবে বাজারে আসবে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল কেনার ইচ্ছা অনেকের থাকলেও ৩৫০ সিসি বা তার বেশি ক্ষমতার বাইকের দাম অনেকের নাগালের বাইরে থাকে। এই বিষয়টি বিবেচনায় রেখেই ২৫০ সিসি সেগমেন্টে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে ১০০ বা ১২৫ সিসির সাধারণ যাতায়াতের বাইক থেকে যারা উচ্চতর সেগমেন্টের মোটরসাইকেলে যেতে চান, মূলত তাঁদের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা।

দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনের বরাতে জানা গেছে, আগামী অর্থবছরের পরের দিকে রয়্যাল এনফিল্ড ২৫০ সিসির নতুন মোটরসাইকেলের সিরিজ বাজারে আনার কথা ভাবছে। যদিও এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি। বর্তমানে সংস্থাটির বাইকগুলো ৩৫০ সিসি থেকে ৬৫০ সিসির মধ্যে রয়েছে, ফলে সাধারণ যাতায়াতের বাইক থেকে সরাসরি ৩৫০ সিসির বাইকে ওঠা অনেকের কাছেই দামের দিক থেকে, ওজনের কারণে কিংবা চালানোর অভ্যাসের কারণে সহজ হয় না।
আরও পড়ুন: বিএমডব্লিউ আনল অ্যাডভেঞ্চার বাইক, দাম প্রাইভেট কারের চেয়ে বেশি
এই ব্যবধান ঘোচাতেই ২৫০ সিসির নতুন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে তুলনামূলক কম খরচে রয়্যাল এনফিল্ডের চেনা ধরন ও ব্র্যান্ডের অভিজ্ঞতা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। নতুন এই বাইকে হাইব্রিড প্রযুক্তি থাকার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে, যদিও তা মাইল্ড হাইব্রিড নাকি অন্য কোনো প্রযুক্তির হবে সে বিষয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি।
এর আগে রয়্যাল এনফিল্ডের ২৫০ সিসির নতুন ইঞ্জিন প্ল্যাটফর্ম নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল, যেখানে ভি সংকেত নামের একটি প্ল্যাটফর্মের কথাও এসেছিল। ইঞ্জিনের গঠন, ক্ষমতা, টর্ক কিংবা প্রযুক্তি নিয়ে সংস্থা এখনো কিছু জানায়নি, তবে হাইব্রিড ব্যবস্থা থাকলে জ্বালানি সাশ্রয়ে বাইকটি নজর কাড়তে পারে এবং প্রতি লিটার পেট্রোলে ৪০ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ মিলতে পারে বলে কয়েকটি প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে।

দামের দিক থেকে এটি রয়্যাল এনফিল্ডের সবচেয়ে কম খরচের মডেল হতে পারে এবং বিভিন্ন প্রতিবেদনে এর সম্ভাব্য এক্স শোরুম দাম ১.২৫ লাখ থেকে ১.৫০ লাখ রুপির মধ্যে থাকার কথা বলা হয়েছে। বর্তমানে হান্টার ৩৫০ সংস্থাটির তুলনামূলক সাশ্রয়ী বাইকগুলোর একটি, আর নতুন ২৫০ সিসির মডেলটি তার নিচের ধাপে জায়গা পেতে পারে। ভবিষ্যতে এই নতুন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ভিন্ন ধরন ও নকশার একাধিক মোটরসাইকেলও বাজারে আনার সম্ভাবনা রয়েছে।
এজেড




