অক্টোবর মাসে গাড়ি বিক্রির তালিকায় বড়সড় রদবদল ঘটিয়ে ফের বাজার কাঁপাল মারুতি সুজুকি। বিক্রির নিরিখে দেশের বাজারে প্রথম স্থান দখল করেছে মধ্যবিত্তের অত্যন্ত পছন্দের গাড়ি মারুতি সুজুকি ওয়াগন আর। গত বছরের তুলনায় এই গাড়ির বিক্রি এক লাফে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
অক্টোবর মাসে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথম স্থান দখল করা মারুতি সুজুকির ওয়াগন আর গাড়িটির মোট ২৩ হাজার ৭৪৭টি ইউনিট বিক্রি হয়েছে। গত বছরের একই মাসে বিক্রির পরিমাণ ছিল ১৮ হাজার ৯৭০ ইউনিট। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ৪ হাজার ৭৭৭টি বেশি গাড়ি বিক্রি হয়েছে। বার্ষিক হিসাবে এই গাড়ির বিক্রিতে ২৫ দশমিক ১৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং বর্তমানে এর বাজার অংশীদারিত্ব রয়েছে ১১ দশমিক ১৮ শতাংশ।

এই জনপ্রিয় গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হয়েছে ভারতে মাত্র ৪ লাখ ৯৮ হাজার ৯০০ রুপি থেকে। এর ক্লাসিক টলবয় ডিজাইনের বড় কেবিনে রয়েছে পর্যাপ্ত হেডরুম, ৩৪১ লিটারের বুট স্পেস এবং আরামদায়ক যাতায়াতের সুবিধা। গাড়ির ভেতর রয়েছে ৭ ইঞ্চির স্মার্টপ্লে টাচস্ক্রিন, অ্যানড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে এবং কিলেস এন্ট্রি। নিরাপত্তার জন্য এখন স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হচ্ছে ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, হিলহোল্ড অ্যাসিস্ট এবং অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমের সঙ্গে ইলেকট্রনিক ব্রেকথ্রু ডিস্ট্রিবিউশন। গাড়িটি ১ লিটার ও ১ দশমিক ২ লিটার পেট্রোল এবং ১ লিটার সিএনজি ইঞ্জিনের বিকল্পে পাওয়া যায়। এর সঙ্গে রয়েছে ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ারবক্সের সুবিধা। পেট্রোল সংস্করণে গাড়িটি প্রতি লিটারে সর্বোচ্চ ২৫ দশমিক ১৯ কিলোমিটার এবং সিএনজিতে প্রতি কেজিতে ৩৪ দশমিক শূন্য ৫ কিলোমিটার মাইলেজ দেয়।
আরও পড়ুন: রোলস রয়েসকে টক্কর দিতে আসছে বিওয়াইডির নতুন বিলাসবহুল গাড়ি
অন্যদিকে মারুতির অন্যান্য মডেলগুলোর মধ্যে বিক্রির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মারুতি ব্রেজা, যার ২২ হাজার ৪৩৬টি ইউনিট বিক্রি হয়েছে। তৃতীয় স্থানে থাকা মারুতি বালেনোর বিক্রির পরিমাণ ছিল ২০ হাজার ৯১৯টি। চতুর্থ স্থানে রয়েছে মারুতি ডিজায়ার, যার ২০ হাজার ৬৪৯টি গাড়ি বিক্রি হয়েছে এবং পঞ্চম স্থানে থাকা মারুতি আর্টিগার বিক্রির পরিমাণ ছিল ২০ হাজার ৬৪১টি। সাশ্রয়ী দাম, দুর্দান্ত মাইলেজ এবং আধুনিক নিরাপত্তার কারণে মারুতির এই গাড়িগুলো বর্তমানে ক্রেতাদের পছন্দের শীর্ষে অবস্থান করছে।
এজেড




