ইতালির মিলানে অনুষ্ঠিত ইকম ২০২৬ প্রদর্শনীতে একাধিক নতুন মডেল ও প্রযুক্তির ঘোষণা করেছে টিভিএস মোটর। তার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে কোম্পানির জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার আইকিউবের জন্য অ্যানড্রয়েড অটো যুক্ত করার খবরটি। বিশ্বখ্যাত গুগল টেকনোলজির সঙ্গে যৌথভাবে এই সুবিধা নিয়ে আসছে টিভিএস। ফলে স্কুটারের ৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে থেকেই স্মার্টফোনের প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপস ও ফিচার ব্যবহার করতে পারবেন চালকরা।
বর্তমানে টিভিএস আইকিউবের উচ্চতর মডেলগুলোতে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে, যা চালকদের নানা তথ্য ও কানেক্টেড রাইডিংয়ের সুবিধা দেয়। এবার সেই স্ক্রিনেই সরাসরি কাজ করবে অ্যানড্রয়েড অটো। ফলে গাড়িতে যে ধরনের পরিচিত অ্যানড্রয়েড অটো ইন্টারফেস দেখা যায়, ঠিক তেমনি একটি সহজ ও আধুনিক অভিজ্ঞতা পাওয়া যাবে স্কুটারটিতেও।
_20261105_105643947.jpeg)
এই নতুন ফিচারের সাহায্যে আইকিউব চালকরা খুব সহজেই ফোনের অ্যাপস ব্যবহার করতে পারবেন। আগে অনেক কাজের জন্য টিভিএসের নিজস্ব অ্যাপের ওপর নির্ভর করতে হতো, কিন্তু অ্যানড্রয়েড অটো যুক্ত হওয়ায় নেভিগেশন ও যোগাযোগ আরও সহজ হয়ে যাবে। তবে স্কুটারের মূল তথ্যগুলো যেমন—ব্যাটারির চার্জ বা স্টেট অব চার্জ (এসওসি), সম্ভাব্য রাইডিং রেঞ্জ, স্পিডোমিটার এবং বিভিন্ন সতর্কতামূলক নির্দেশক ডিসপ্লেতে আগের মতোই দেখা যাবে।
আরও পড়ুন: টিভিএসের নতুন ১২৫ সিসির বাইকে চমক, থাকছে লিকুইড কুলড ইঞ্জিন ও ৬ গিয়ার
গুগলের সঙ্গে টিভিএস মোটরের এই প্রযুক্তিগত অংশীদারত্ব এবারই প্রথম নয়। এর আগে টিভিএস এক্স ইলেকট্রিক স্কুটারের ১০.২ ইঞ্চির ডিসপ্লেতেও তারা ওয়্যারলেস অ্যানড্রয়েড অটো সাপোর্ট দিয়েছিল। তবে আইকিউব মডেলটির ক্ষেত্রে অ্যানড্রয়েড অটো ওয়্যারলেস হিসেবে কাজ করবে নাকি কেবলের মাধ্যমে সংযোগ দিতে হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বর্তমানে বাজারে থাকা পুরনো আইকিউব মডেলগুলোতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ফিচারটি পাওয়া যাবে কি না, তা নিয়েও এখনো কিছু জানানো হয়নি। একই সঙ্গে আইকিউবের জন্য অ্যাপল কারপ্লে যুক্ত করারও কোনো পরিকল্পনা আপাতত নেই, পুরো দৃষ্টি রাখা হয়েছে অ্যানড্রয়েড অটো সুবিধা চালুর ওপর।
এজেড




