বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

৪২১ সিসির ইঞ্জিন, অ্যাপল কারপ্লেসহ হিরো এক্সপালস ৪৫০ বাইকের আত্মপ্রকাশ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

৪২১ সিসির ইঞ্জিন, অ্যাপল কারপ্লেসহ হিরো এক্সপালস ৪৫০ বাইকের আত্মপ্রকাশ

মিলানে অনুষ্ঠিত ইকম ২০২৬ প্রদর্শনীতে নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এক্সপালস ৪৫০ প্রকাশ্যে আনল হিরো মোটোকর্প। এটিই হিরোর জনপ্রিয় এক্সপালস সিরিজের নতুন ফ্ল্যাগশিপ মডেল। ৪২১ সিসির লিকুইড-কুলড ইঞ্জিন, অ্যাডজাস্টেবল সাসপেনশন এবং অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে সুবিধাযুক্ত ৭ ইঞ্চির টিএফটি ডিসপ্লে বাইকটির প্রধান আকর্ষণ। এর ফলে আগের এক্সপালস ২১০ মডেলের তুলনায় পারফরম্যান্স ও আধুনিক প্রযুক্তির দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে নতুন এই বাইক।

হিরো এক্সপালস ৪৫০ বাইকে রয়েছে নতুন ৪২১ সিসির সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন। এটি ৯,১০০ আরপিএমে সর্বোচ্চ ৪৬.৭ এইচপি শক্তি এবং ৭,৫০০ আরপিএমে ৩৮ এনএম টর্ক তৈরি করতে পারে। ইঞ্জিনের সঙ্গে যুক্ত করা হয়েছে ৬-স্পিড গিয়ারবক্স এবং স্ট্যান্ডার্ড স্লিপ-অ্যান্ড-অ্যাসিস্ট ক্লাচ। যেখানে এক্সপালস ২১০ মডেল থেকে ২৪.৬ এইচপি শক্তি এবং ২০.৭ এনএম টর্ক পাওয়া যেত, সেখানে নতুন মডেলে শক্তি ও টর্ক দুটোই অনেকখানি বাড়ানো হয়েছে। হিরো মোটোস্পোর্টস দলের সরাসরি অভিজ্ঞতার আলোকে এটি তৈরি করায় বাইকের ডিজাইন ও শক্তিতে র‍্যালি রেসিংয়ের স্পষ্ট ছাপ দেখা যায়।

hero_bike

অফ-রোড রাইডিং ও যেকোনো রাস্তায় চলার জন্য সামনে দেয়া হয়েছে ৪৩ মিলিমিটারের কেওয়াইবি কার্ট্রিজ-টাইপ ইউএসডি ফর্ক। এটি ২২৫ মিলিমিটার পর্যন্ত ওঠানামা করতে পারে, যা আগের মডেল থেকে ১৫ মিলিমিটার বেশি। এছাড়া রাস্তার ধরন বা নিজের পছন্দ অনুযায়ী ২২টি ধাপে এর সাসপেনশন অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। পেছনের সাসপেনশনের সব তথ্য এখনও জানা না গেলেও এতে মনোশক সেটআপ এবং কম্প্রেশন অ্যাডজাস্টের সুবিধা থাকবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: টিভিএসের নতুন ১২৫ সিসির বাইকে চমক, থাকছে লিকুইড কুলড ইঞ্জিন ও ৬ গিয়ার

এই বাইকটির বড় একটি নতুনত্ব হলো ৭ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, যেখানে সরাসরি অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে ব্যবহারের সুবিধা থাকছে। হিরোর দাবি, এই ক্যাটাগরির বাইকগুলোর মধ্যে এমন ফিচার এটিই প্রথম। এর সাহায্যে রাইডার নিজের স্মার্টফোনটি বাইকের ডিসপ্লেতে যুক্ত করে সহজেই সব ফিচার ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এতে চার ধরনের রাইড মোড ও ট্র্যাকশন কন্ট্রোলের মতো নিরাপত্তামূলক প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

images_(5)

হিরো মোটোকর্প এখনো এই বাইকটির দাম রুপি বা টাকার অংকে প্রকাশ করেনি এবং বাজারে ছাড়ার নির্দিষ্ট সময়সূচিও ঘোষণা করেনি। কোম্পানি জানিয়েছে, প্রথমে এটি আন্তর্জাতিক বাজারে উন্মোচন করা হবে। বিভিন্ন তথ্য অনুযায়ী, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে এটি বাজারে আসতে পারে। বাজারে আসলে এটি কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার এবং রয়্যাল এনফিল্ড হিমালয়েন ৪৫০-এর সাথে সরাসরি প্রতিযোগিতায় নামবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর