শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রয়্যাল এনফিল্ড আনছে শক্তিশালী টুইন এগজস্টের নতুন মোটরসাইকেল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল জিটি ৭৫০ এল টুইন এগজস্টে, দেখুন ফিচার ও দাম | Royal Enfield Continental GT 750
রয়্যাল এনফিল্ড আনছে শক্তিশালী টুইন এগজস্টের নতুন মোটরসাইকেল

রয়্যাল এনফিল্ডের নতুন ৭৫০ সিসি মোটরসাইকেল লাইনআপ নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি হিমালয়ান ৭৫০ মডেলটি প্রকাশ্যে আসার পর এবার পরীক্ষার সময় ক্যামেরাবন্দি হয়েছে বহুল প্রতীক্ষিত রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল জিটি ৭৫০। প্রায় এক বছর আগে এই বাইকের হাফ-ফেয়ারিং সংস্করণ দেখা গেলেও, নতুন স্পটিংয়ে এর ডিজাইনে আরও নতুন কিছু বৈশিষ্ট্যের ইঙ্গিত মিলেছে।

টুইন এগজস্ট ও ৭৫০ সিসি ইঞ্জিন

ভারতের চেন্নাইয়ে পরীক্ষামূলক অবস্থায় দেখা যাওয়া মোটরসাইকেলটি ক্যামোফ্লাজে মোড়ানো থাকলেও এর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য স্পষ্ট হয়েছে। এর সামনের অংশে রয়েছে ডুয়াল ডিস্ক ব্রেক। হিমালয়ান ৭৫০ মডেলে সিঙ্গল এগজস্ট থাকার সম্ভাবনা থাকলেও কন্টিনেন্টাল জিটি ৭৫০-এ দেখা মিলেছে টুইন এগজস্টের, যা বর্তমান জিটি ৬৫০ মডেলের সঙ্গে বেশ মিল রাখে। ধারণা করা হচ্ছে, বর্তমান ৬৫০ সিসি প্যারালাল-টুইন ইঞ্জিনের ভিত্তিতে তৈরি প্রায় ৭৫০ সিসির নতুন একটি ইঞ্জিন দেওয়া হবে এই বাইকে।

আকর্ষণীয় ক্যাফে রেসার ডিজাইন

নতুন এই ক্যাফে রেসারের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর হাফ-ফেয়ারিং ডিজাইন, যা ইঞ্জিনের পুরো অংশ ঢেকে না রেখে জ্বালানি ট্যাঙ্কের নিচে এসে শেষ হয়েছে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে স্পোর্টি ক্লিপ-অন হ্যান্ডেলবার এবং গোলাকার বার-এন্ড মিরর। তাছাড়া বাইকটির সাইড প্যানেল ও সাবফ্রেমের নকশায় বেয়ার ৬৫০ মডেলের সঙ্গে বেশ মিল রয়েছে, যা পুরনো দিনের ক্লাসিক মোটরসাইকেলের সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়।

royal_enfield_bike

সাসপেনশন ও মডার্ন ফিচার

পরীক্ষামূলক মডেলটিতে টেলিস্কোপিক আরএসইউ ফর্ক ব্যবহার করা হয়েছে, যা হিমালয়ান ৭৫০-এর ইউএসডি ফর্ক থেকে আলাদা। ক্যাফে রেসার হিসেবে বাইকটির রাইডিং পারফরম্যান্সের কথা মাথায় রেখে এই সাসপেনশন বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি, এতে অ্যালয় ও ওয়্যার-স্পোক দুই ধরনের চাকাই আসার সম্ভাবনা রয়েছে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে, যেখানে আধুনিক টিএফটি ডিসপ্লে যুক্ত হতে পারে।

আরও পড়ুন: কাওয়াসাকি নিনজা জেডএক্স ৬আর মডেলে নতুন রঙের চমক

লঞ্চের সম্ভাব্য সময়

রয়্যাল এনফিল্ডের পক্ষ থেকে এখনও অফিসিয়াল কোনো লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে যেভাবে একের পর এক পরীক্ষামূলক মডেল সামনে আসছে, তাতে খুব শিগগিরই এই বাইকটি আত্মপ্রকাশ করতে পারে। আগামী ইআইসিএমএ ইভেন্টে হিমালয়ান ৭৫০-এর পাশাপাশি এই নতুন কন্টিনেন্টাল জিটি ৭৫০ আনুষ্ঠানিকভাবে সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর