ইউরোপের বাজারে নতুন ২০২৭ সালের কেটিএম ৬৯০ র্যালি উন্মোচন করেছে অস্ট্রিয়ান মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান কেটিএম। জনপ্রিয় সিক্স নাইটি এন্ডুরো আর মডেলের প্ল্যাটফর্মের ওপর তৈরি হলেও নতুন র্যালি সংস্করণটিকে আরও দীর্ঘ সময় ও কঠিন অফ-রোড ট্রেইলে চালানোর উপযোগী করে তৈরি করা হয়েছে। বিশেষ করে এর বিশাল জ্বালানি ধারণক্ষমতা এবং র্যালি টাওয়ার বাইকপ্রেমীদের নজর কেড়েছে। কেটিএমের দাবি অনুযায়ী, নতুন এই বাইকটিকে কিংবদন্তি সিক্স ফোর্টি অ্যাডভেঞ্চার মডেলের আধ্যাত্মিক উত্তরসূরি হিসেবে দেখা যেতে পারে। এন্ডুরো এবং অ্যাডভেঞ্চার ক্যাটেগরির মাঝামাঝি অবস্থানে থাকলেও অফ-রোডিংয়ের দিকেই এর ঝোঁক সবচেয়ে বেশি।
আরও পড়ুন: সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ বিক্রীত মোটরসাইকেল হিরো স্প্লেন্ডার
বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিক্স নাইটি এন্ডুরো আর এর সেই একই ৬৯৩ সিসির সিঙ্গল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৭৯ হর্স পাওয়ার এবং ৭৩ নিউটন মিটার টর্ক উৎপন্ন হয়। এর সঙ্গে রয়েছে ৪ দশমিক ২ ইঞ্চির টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, আপ অ্যান্ড ডাউন কুইকশিফটার এবং দুটি স্ট্যান্ডার্ড রাইড মোড যা হলো স্ট্রিট এবং অফ-রোড। তবে অতিরিক্ত মূল্যে র্যালি মোড নেওয়ার সুযোগ রাখা হয়েছে। বাইকটির সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এর জ্বালানি ট্যাঙ্কে। এর পেছনে ১৩ লিটার এবং সামনে দুটি আলাদা সাড়ে তিন লিটারের অক্সিলিয়ারি ট্যাঙ্ক মিলিয়ে মোট ২০ লিটারের বিশাল ফুয়েল ক্যাপাসিটি রয়েছে। চালক নিজেই ডেডিকেটেড সুইচের মাধ্যমে কোন ট্যাঙ্ক থেকে ইঞ্জিনে তেল যাবে তা বেছে নিতে পারবেন, ফলে ট্রেইলের পরিস্থিতি অনুযায়ী বাইকের ওজনের ভারসাম্য বজায় রাখা সহজ হবে।

এন্ডুরো মডেল থেকে আলাদা করতে সামনে যুক্ত করা হয়েছে বিশেষ র্যালি টাওয়ার, যেখানে একটি সমন্বিত উইন্ডশিল্ড এবং অ্যাডভেঞ্চার সিরিজ থেকে অনুপ্রাণিত এলইডি হেডলাইট রয়েছে। র্যালি টাওয়ারের ডানপাশে ১২ ভোল্টের চার্জিং পোর্ট এবং বামপাশে ইউএসবি টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে। অপশনাল র্যালি মোড চালু করলে থ্রটল রেসপন্স, ট্র্যাকশন কন্ট্রোল ও কর্নারিং এবিএস নিজেদের পছন্দমতো সাজানো যায়। অফ-রোড পারফরম্যান্সের জন্য এতে রয়েছে সম্পূর্ণ অ্যাডজাস্টেবল ডব্লিউপি এক্সপ্লোর সাসপেনশন। ব্রেকিংয়ের দায়িত্বে রয়েছে ব্রেম্বোর ডিস্ক ব্রেক। বাইকটিতে একুশ ও আঠারো ইঞ্চির ওয়্যার-স্পোকড চাকা এবং টিউব-টাইপ টায়ার ব্যবহার করা হয়েছে। এর ড্রাই ওজন ১৬১ দশমিক ৫ কেজি এবং কের্ব ওজন প্রায় ১৭৬ কেজি। তবে এর সিটের উচ্চতা ৯৩৫ মিলিমিটার হওয়ায় কিছুটা বেশি মনে হতে পারে, যার বিনিময়ে মিলছে ২৬৫ মিলিমিটারের বিশাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ইউরোপে বাইকটির উৎপাদন শুরু হবে এবং অক্টোবর থেকে ডিলারশিপে পৌঁছাবে।
এজেড




