বাজাজের জনপ্রিয় মোটরসাইকেল সিরিজের অন্যতম সদস্য ‘পালসার এন১২৫’ কি ভারতের বাজার থেকে বিদায় নিতে চলেছে? এমন গুঞ্জনই এখন মোটরসাইকেল প্রেমীদের মধ্যে শোনা যাচ্ছে। দেশটির ডিলারদের সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতের বাজারে মডেলটি বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও বাজাজ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এখনও বাইকটি তালিকাভুক্ত রয়েছে, তবে গত ৩-৪ মাস ধরে ডিলারদের কাছে নতুন কোনো স্টক এসে পৌঁছায়নি। কিছু ডিলারদের কাছে থাকা অবশিষ্ট স্টকই বর্তমানে বিক্রি হচ্ছে।
২০২৪ সালের অক্টোবরে বাজারে আসার পর দুই বছর পূর্ণ হওয়ার আগেই এই মডেলটির এমন পরিস্থিতিতে পড়ার কারণ হিসেবে এর চাহিদাজনিত সংকটকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। মাত্র ১২৪ কেজি ওজনের এই বাইকটি পালসার এনএস১২৫ এবং সাধারণ পালসার ১২৫-এর তুলনায় বেশ হালকা ছিল। এর হেডল্যাম্প, ফর্ক প্রোটেক্টর এবং স্লিম ফুয়েল ট্যাংকের ডিজাইন ছিল একেবারেই নতুন, যা আগের কোনো পালসার মডেলে দেখা যায়নি। তবে এই অনন্য ডিজাইন এবং ফিচার ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে আশার কথা হলো, ভারতের অভ্যন্তরীণ বাজারে চাহিদা কম থাকলেও বিদেশের বাজারে এর চাহিদা এখনও রয়েছে, তাই বাজাজ হয়তো রফতানির জন্য এর উৎপাদন অব্যাহত রাখতে পারে। বর্তমানে বাজাজ তাদের পালসার লাইনআপ আপডেট করার কাজ করছে, যার অংশ হিসেবে সম্প্রতি নতুন ক্লাসিক পালসার ১২৫-এর পরীক্ষামূলক দৌড় বা টেস্টিং দেখা গেছে। ভবিষ্যতে পালসার এন১২৫-কেও কোনো আপডেটের মাধ্যমে পুনরায় বাজারে আনা হবে কি না, তা সময়ই বলে দেবে।
এজেড




