বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অ্যাডভেঞ্চার বাইকে কুইক শিফটার ও ক্রুজ কন্ট্রোল নিয়ে আসছে হিরো

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০১:১০ পিএম

শেয়ার করুন:

অ্যাডভেঞ্চার বাইকে কুইক শিফটার ও ক্রুজ কন্ট্রোল নিয়ে আসছে হিরো
অ্যাডভেঞ্চার বাইকে কুইক শিফটার ও ক্রুজ কন্ট্রোল নিয়ে আসছে হিরো

অ্যাডভেঞ্চার বাইকের বাজারে নতুন চমক দিতে যাচ্ছে হিরো মটোকর্প। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় ‘এক্সপালস’ সিরিজের নতুন সংস্করণ ‘এক্সপালস ৪২১’ বাজারে আনার জন্য জোর প্রস্তুতি চালাচ্ছে। বাইকটিতে প্রথমবারের মতো কুইক শিফটার ও ক্রুজ কন্ট্রোলের মতো অত্যাধুনিক ফিচার যুক্ত করা হচ্ছে, যা দীর্ঘ পথ পাড়ি দেওয়া এবং পাহাড়ি রাস্তায় রাইডিংয়ের অভিজ্ঞতাকে অনেক বেশি আরামদায়ক ও গতিময় করে তুলবে। 

সম্প্রতি ভারতের বিভিন্ন রাস্তায় বাইকটির পরীক্ষামূলক চলাচল বা টেস্টিংয়ের সময় এর এই আকর্ষণীয় ফিচারগুলো প্রকাশ্যে আসে। আগামী ২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য ‘ইআইসিএমএ’ (EICMA) মোটর প্রদর্শনীতে বাইকটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হতে পারে এবং ২০২৭ সালের শুরুর দিকে এটি বাণিজ্যিকভাবে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। রয়্যাল এনফিল্ড হিমালয়ান এবং কেটিএম অ্যাডভেঞ্চার ৩৯০-এর মতো জনপ্রিয় মডেলগুলোর সঙ্গে পাল্লা দিতেই হিরো এই শক্তিশালী অ্যাডভেঞ্চার বাইকটি বাজারে আনছে।

নতুন এই হিরো এক্সপালস ৪২১ মডেলে ব্যবহার করা হয়েছে একটি শক্তিশালী ৪২১ সিসির লিকুইড কুলড ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ৪৫ পিএস পাওয়ার উৎপন্ন হবে। ইঞ্জিনের সঙ্গে যুক্ত ৬ স্পিড গিয়ারবক্সে থাকছে কুইক শিফটার প্রযুক্তি, যা রাইডারকে গিয়ার পরিবর্তনের সময় ক্লাচ ছাড়াই দ্রুত এবং মসৃণভাবে গিয়ার বদলের সুবিধা দেবে। দীর্ঘ হাইওয়ে যাত্রার কথা মাথায় রেখে বাইকটিতে প্রথমবারের মতো যুক্ত করা হচ্ছে ক্রুজ কন্ট্রোল সুবিধা, যার মাধ্যমে দীর্ঘ সময় একই গতি বজায় রেখে রাইডাররা আরামদায়কভাবে বাইক চালাতে পারবেন। চালকের নিরাপত্তার জন্য এতে থাকছে একাধিক রাইডিং মোড এবং সুইচযোগ্য এবিএস (ABS) প্রযুক্তি।

বাইকটির ডিজাইন ও স্থায়িত্বের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন এনেছে হিরো। টেস্ট মডেলটিতে ব্যবহার করা হয়েছে নতুন অ্যাডভেঞ্চার ফ্রেম এবং ঝাকুনি মোকাবিলায় সামনের চাকায় দেওয়া হয়েছে ইনভার্টেড ফর্ক সাসপেনশন। অফরোড এবং পাহাড়ি রাস্তার জন্য বাইকটিতে ২১ ইঞ্চি সামনের এবং ১৭ ইঞ্চির পেছনের স্পোক হুইলের সঙ্গে ডুয়াল পারপাস টায়ার ব্যবহার করা হয়েছে। এছাড়া ট্যুরিংয়ের সুবিধার্থে লম্বা উইন্ডস্ক্রিন, হ্যান্ডগার্ড, মেটাল ব্যাশ প্লেট এবং পেছনে লাগেজ বহনের বিশেষ ক্যারিয়ার সেটআপ দেওয়া হয়েছে।

প্রযুক্তিগত ফিচারের অংশ হিসেবে বাইকটিতে থাকছে বড় আকারের রঙিন টিএফটি (TFT) ডিসপ্লে। এই কনসোলে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন এবং রাইডিংয়ের সময় কল অ্যালার্টের মতো আধুনিক সব ডিজিটাল সুবিধা থাকবে। সব মিলিয়ে দুর্দান্ত পারফরম্যান্স এবং প্রিমিয়াম ফিচারে সমৃদ্ধ হিরো এক্সপালস ৪২১ বাইকটির দাম ভারতীয় বাজারে ২ দশমিক ৮৫ লক্ষ থেকে ৩ লক্ষ রুপির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর