বাংলাদেশে মিতসুবিশি মোটরসের একমাত্র অনুমোদিত পরিবেশক র্যাংগস লিমিটেড দেশের বাজারে উন্মোচন করেছে নতুন মডেলের প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান ঢাকা মোটর শো ২০২৬-এর হল-৪-এ মিতসুবিশির মেগা প্যাভিলিয়নে গাড়িটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়।
বিজ্ঞাপন
আধুনিক পরিবারের জন্য ৭ আসনের স্বাচ্ছন্দ্য
নতুন ডেস্টিনেটর মূলত ৭ আসনের একটি লাক্সারি এসইউভি, যা আধুনিক পরিবারের চাহিদা বিবেচনায় তৈরি করা হয়েছে। মিতসুবিশির নির্ভরযোগ্যতার পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা। উদ্বোধনী অনুষ্ঠানে র্যাংগস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা প্রকাশ করেন, দেশের ক্রমবর্ধমান এসইউভি বাজারে এই নতুন মডেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পারফরম্যান্স ও কর সুবিধা
বিজ্ঞাপন
গাড়িটিতে রয়েছে ১.৫ লিটার টার্বোচার্জড এমআইভিইসি ইঞ্জিন, যা ১৬৩ পিএস শক্তি এবং ২৫০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। ১,৪৯৯ সিসি ইঞ্জিন হওয়ায় এটি বাংলাদেশের বিদ্যমান কর কাঠামোয় বেশ প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে র্যাংগস লিমিটেডের সিইও মুইদুর রহমান তানভীর বলেন, পারফরম্যান্স ও প্রিমিয়াম কমফোর্টের সমন্বয়ে এই গাড়িটি দেশের বাজারে একটি গেম চেঞ্জার হতে যাচ্ছে।

প্রিমিয়াম ইন্টেরিয়র ও প্রযুক্তি
গাড়িটির ভেতরে রয়েছে কালো ও মেরুন রঙের আকর্ষণীয় কেবিন এবং হিট গার্ড প্রযুক্তিসম্পন্ন সিনথেটিক লেদার সিট। প্রযুক্তির ছোঁয়ায় গাড়িটি অনন্য; এতে আছে-
- ১২.৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে ও ৮ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার
- ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো
- ইয়ামাহার ৮ স্পিকারের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম
- প্যানোরামিক সানরুফ এবং ন্যানোই এক্স এয়ার পিউরিফিকেশন
র্যাংগস লিমিটেডের হেড অব মার্কেটিং ফাহিম হোসেন জানান, প্রশস্ত কেবিন থেকে শুরু করে কার্যকর কুলিং প্রযুক্তির মতো উন্নত সুবিধা প্রতিটি ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।
নিরাপত্তা ব্যবস্থা
নিরাপত্তার জন্য এতে রাখা হয়েছে ছয়টি এয়ারব্যাগ, অ্যাকটিভ ইয়াও কন্ট্রোল, ফরওয়ার্ড কলিশন মিটিগেশন এবং শক্তিশালী মনোকক বডি স্ট্রাকচার। ১৮ ইঞ্চির অ্যালয় হুইল এবং মিতসুবিশির সিগনেচার ডায়নামিক শিল্ড ডিজাইনের এই গাড়িটি এখন ঢাকা মোটর শোতে মিতসুবিশির প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে।
বাংলাদেশের বাজারে নতুন এই গাড়ির দাম ৬৪ লাখ টাকা।
এজেড/এআর




