বাইকপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে আত্মপ্রকাশ করল রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০-এর আপডেটেড সংস্করণ ‘অ্যাপেক্স’ (Guerrilla 450 Apex)। সম্প্রতি দেশটির গুয়াহাটিতে আয়োজিত 'Royal Enfield GRRR Nights X Underground' ইভেন্টে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাইকটি উন্মোচন করা হয়। প্রায় দুই বছর আগে বাজারে আসা গেরিলা ৪৫০-এর এই নতুন ভ্যারিয়েন্টে রাইডিং অভিজ্ঞতাকে আরও আরামদায়ক ও রোমাঞ্চকর করতে বেশ কিছু পরিবর্তন এনেছে সংস্থাটি।
ডিজাইন ও রাইডিং পজিশনে বড় বদল
বিজ্ঞাপন
নতুন অ্যাপেক্স ভ্যারিয়েন্টে বাইকের মেকানিক্যাল পার্টস অপরিবর্তিত থাকলেও এর ডিজাইনে আনা হয়েছে বিশেষ পরিবর্তন। বাইকটির হ্যান্ডেলবার এখন আগের তুলনায় ৫৬ এমএম নিচে এবং ৫৭ এমএম সামনের দিকে সেট করা হয়েছে। এর ফলে রাইডারকে কিছুটা সামনের দিকে ঝুঁকে বাইক চালাতে হবে, যা বাইকটিকে আরও ‘এগ্রেসিভ’ এবং ‘স্পোর্টস রোডস্টার’ লুক দিয়েছে। দীর্ঘ পথ চলার ক্লান্তি কমাতে এই নতুন ‘রাইডিং ট্রায়াঙ্গেল’ বিশেষ ভূমিকা রাখবে।
উন্নত টায়ার ও গ্রিপ
আগের মডেলে টায়ার গ্রিপ নিয়ে ব্যবহারকারীদের কিছু অভিযোগ থাকলেও এবার তা দূর করা হয়েছে। স্ট্যান্ডার্ড ড্যাশ এবং ফ্ল্যাশ ভ্যারিয়েন্টে ব্যবহার করা হয়েছে আপডেটেড ‘সিয়াট গ্রিপ এক্সএল’ টায়ার। নতুন কম্পাউন্ড এবং উন্নত ট্রেড প্যাটার্নের কারণে পিচ্ছিল বা উঁচু-নিচু রাস্তায় বাইকটি এখন অনেক বেশি স্থিতিশীল থাকবে।

বিজ্ঞাপন
স্মার্ট ফিচার ও প্রযুক্তি
প্রযুক্তির দিক থেকেও পিছিয়ে নেই গেরিলা ৪৫০ অ্যাপেক্স। এতে রয়েছে-
ট্রিপার ড্যাশ: ৪ ইঞ্চির সার্কুলার টিএফটি ডিসপ্লে, যা সরাসরি গুগল ম্যাপ নেভিগেশন সাপোর্ট করে।
মোড রিটেনশন: রাইডারের সর্বশেষ ব্যবহৃত ড্রাইভ মোডটি মনে রাখার ক্ষমতা রাখে এই বাইক।
আপডেটেড অ্যাপ: রয়্যাল এনফিল্ডের নিজস্ব অ্যাপটিরও আধুনিকায়ন করা হয়েছে।
ইঞ্জিন ও পারফরম্যান্স
বাইকটিতে রয়েছে শক্তিশালী ৪৫২ সিসি-র লিকুইড-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। যারা শহরে নিয়মিত যাতায়াতের পাশাপাশি উইকএন্ড ট্যুর বা হাইওয়েতে গতির ঝড় তুলতে পছন্দ করেন, তাদের কথা মাথায় রেখেই এটি ডিজাইন করা হয়েছে। ড্যাশ ভ্যারিয়েন্টে নতুন ‘টোয়াইলাইট ব্লু’ (Twilight Blue) রঙের পাশাপাশি হ্যান্ডগার্ড এবং হেডলাইট গ্রিলের মতো অ্যাক্সেসারিজও যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: অফিসে যাতায়াত ও ঘোরাঘুরির জন্য সেরা মোটরসাইকেল কোনটি?
দাম ও সহজলভ্যতা
রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০ অ্যাপেক্স ভ্যারিয়েন্টটির এক্স-শোরুম দাম নির্ধারণ করা হয়েছে ভারতে ২.৪৯ লাখ রুপি থেকে। স্টাইল, পাওয়ার এবং আধুনিক ফিচারের এই সমন্বয় মধ্যবিত্ত ও তরুণ বাইকারদের নজর কাড়বে বলে মনে করছে অটোমোবাইল বিশেষজ্ঞরা।
এজেড

