বৃষ্টি নামলেই অনেকের কাছে মোটরসাইকেল চালানো হয়ে ওঠে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু এই রোমাঞ্চের পাশাপাশি লুকিয়ে থাকে মারাত্মক ঝুঁকি। বৃষ্টির পানিতে ভিজে যায় রাস্তা, ভিজে যায় বাইক, আর অল্প অসাবধানতাতেই ঘটতে পারে দুর্ঘটনা। বিশেষজ্ঞদের মতে, কয়েকটি কারণে বৃষ্টির দিনে মোটরসাইকেল চালানো সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে ওঠে।
১. রাস্তা পিচ্ছিল হয়ে যায়
বৃষ্টির পানিতে রাস্তার ওপর জমে থাকা ধুলো-মাটি, কাদা, তেল কিংবা অন্যান্য তরল মিশে যায়। ফলে রাস্তায় তৈরি হয় এক ধরনের পিচ্ছিল স্তর। বিশেষ করে সড়কের মোড়, ব্রেক করার সময় বা সেতুর লোহার অংশে বাইকের টায়ার সহজেই পিছলে যেতে পারে।
২. দৃশ্যমানতা কমে যায়
বৃষ্টি নামার সময় বা পরে বাতাসে জলকণা ভেসে থাকে, হেলমেটের ভাইজর ভিজে যায়, এমনকি কুয়াশার মতো আবছা হয়ে যায় চারপাশ। এর ফলে চালক দূরের গাড়ি, মানুষ কিংবা সড়কের প্রতিবন্ধকতা সহজে দেখতে পান না।
৩. ব্রেক কার্যকারিতা কমে যায়
ভেজা রাস্তায় ব্রেক চাপলে স্বাভাবিক সময়ের তুলনায় বাইক থামতে বেশি সময় নেয়। ডিস্ক ব্রেক বা ড্রাম ব্রেক ভিজে গেলে চাকা ঠিকমতো নিয়ন্ত্রণে আসতে দেরি হয়, যা দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দেয়।
৪. অন্য যানবাহনের নিয়ন্ত্রণহীনতা
শুধু মোটরসাইকেল নয়, বৃষ্টির দিনে বাস, ট্রাক বা প্রাইভেটকারও অনেক সময় নিয়ন্ত্রণ হারায়। বড় যানবাহন পিছলে গেলে মোটরসাইকেল আরোহীর ঝুঁকি আরও বেড়ে যায়।
৫. ভারসাম্য রক্ষা কঠিন হয়ে ওঠে
বৃষ্টির পানিতে রাস্তার ছোট গর্ত বা ঢিবি চোখে পড়ে না। এতে হঠাৎ চাকা আটকে যেতে পারে বা ভারসাম্য নষ্ট হয়ে চালক পড়ে যেতে পারেন।

৬. স্বাস্থ্যঝুঁকি
বৃষ্টির ভেতর ভিজে ভিজে দীর্ঘ সময় বাইক চালালে ঠান্ডা-জ্বরসহ নানা ধরনের অসুস্থতায় পড়ার সম্ভাবনা থাকে। ভেজা পোশাকে শরীরের তাপমাত্রা দ্রুত কমে যায়, যা মোটরসাইকেল চালনার মনোযোগকেও প্রভাবিত করে।
করণীয়
বিশেষজ্ঞরা মনে করেন, একান্ত প্রয়োজন ছাড়া বৃষ্টির মধ্যে মোটরসাইকেল না চালানোই সবচেয়ে নিরাপদ। তবে জরুরি প্রয়োজনে চালাতে হলে—
হেলমেটের ভিজর পরিষ্কার ও অ্যান্টি-ফগ ব্যবহার করতে হবে।
টায়ারের গ্রিপ ভালো আছে কিনা নিয়মিত পরীক্ষা করতে হবে।
গতি সীমিত রাখতে হবে এবং হঠাৎ ব্রেক না কষা উচিত।
রেইনকোট ও রিফ্লেক্টিভ জ্যাকেট ব্যবহার করলে দৃশ্যমানতা বাড়ে।
রাস্তার পানি জমে থাকা জায়গা এড়িয়ে চলতে হবে।
আরও পড়ুন: বৃষ্টিতে মোটরসাইকেল ভিজলে কি ক্ষতি হয়?
বৃষ্টির দিনে মোটরসাইকেল চালানো অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। তাই সচেতন হয়ে প্রয়োজন ছাড়া রাস্তায় না নামাই শ্রেয়। আর যদি নামতেই হয়, তবে অবশ্যই বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে।
এজেড




